দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নাগরিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডেঙ্গুর ঝুঁকি কমাতে প্রত্যেককে সপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে নিজ নিজ বাসাবাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
বুধবার (১৪ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
ভিডিও বার্তায় ডেঙ্গু প্রতিরোধে এডিস মশার জন্মস্থল নির্মূলের ওপর গুরুত্ব দেন তারেক রহমান। বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তারের উপযোগী স্থান পরিষ্কার রাখার মাধ্যমে এই রোগের ঝুঁকি কমানো সম্ভব বলে তাঁর আহ্বারের মূল বার্তায় উঠে এসেছে।
এদিকে, দেশে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এক দিনে ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এ রোগে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২১ জনে।
একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৯২০ জন। ফলে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫ হাজার ৩১৬ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ডে এসব তথ্য প্রকাশ করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছরে ডেঙ্গুতে মারা যাওয়া ৩২১ জনের মধ্যে নারী ৫০ দশমিক ৯ শতাংশ এবং পুরুষ ৪৯ দশমিক ১ শতাংশ।
ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসা ও হাসপাতালভিত্তিক ব্যবস্থাপনার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস করা জরুরি। বিশেষ করে ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ছাদ, বারান্দা ও আশপাশের যেসব স্থানে পানি জমে থাকতে পারে, সেগুলো নিয়মিত পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার কমানো সম্ভব।
এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর আহ্বান অনুযায়ী, ব্যক্তিগত উদ্যোগে বাসাবাড়ি পরিষ্কার রাখার পাশাপাশি আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
সদ্য সংবাদ/এসকে