সৌদি আরবের বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আগামী রোববার (১৮ অক্টোবর) পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। স্থগিত ফ্লাইটগুলো কবে থেকে আবার চলাচল শুরু করবে, তা পরবর্তী সময়ে জানানো হবে। নতুন সময়সূচি গণমাধ্যমের পাশাপাশি যাত্রীদেরও অবহিত করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
তবে দাম্মাম ও রিয়াদ রুটে ফ্লাইট বন্ধ থাকলেও সৌদি আরবে যাতায়াতের বিকল্প ব্যবস্থা রেখেছে বিমান কর্তৃপক্ষ। জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করতে পারবেন।
যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে মদিনা রুটে উড়োজাহাজের সক্ষমতা বাড়ানো হয়েছে। এ রুটে আগে ব্যবহৃত বোয়িং ৭৮৭-এর পরিবর্তে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ পরিচালনা করা হচ্ছে। এতে প্রতিটি ফ্লাইটে আসনসংখ্যা ১৪৮টি বাড়বে।
এ ছাড়া যাত্রী পরিবহনের সক্ষমতা বাড়াতে জেদ্দা রুটে আরও তিনটি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
টিকিট কেনা, ফ্লাইটের সময়সূচি ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
সদ্য সংবাদ/এসএস