পুলিশ বাহিনীর বিভিন্ন পদমর্যাদার ১৪৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্যমতে, ২০২৪ সালের ৫ আগস্টের পর কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে বিসিএস পুলিশ ক্যাডারের ৬২ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়। তাঁদের মধ্যে ৩১ জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। অন্য ৩১ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় কার্যক্রম চলমান রয়েছে।
এ ছাড়া ৫ আগস্টকেন্দ্রিক বিভিন্ন ঘটনায় কর্মস্থলে অনুপস্থিত থাকা কিংবা পলাতক থাকার অভিযোগে সহকারী পুলিশ সুপার (এএসপি) ও তদূর্ধ্ব পদমর্যাদার ৫৭ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। তাঁদের বিরুদ্ধেও বিভাগীয় মামলা হয়েছে। এসব মামলার আওতায় ২৮ কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে এবং একজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
২০২৪ সালের গণঅভ্যুত্থান ঘিরে দায়ের করা বিভিন্ন ফৌজদারি মামলা, আদালতে করা অভিযোগ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার হওয়া আরও ২৯ পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের মধ্যে উপমহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার দুজনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও ২-এর ২০২৫ সালের চারটি মামলার রায়ের পরিপ্রেক্ষিতেও ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এএসপি ও তদূর্ধ্ব পদমর্যাদার ১৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে দণ্ডিত পাঁচজনকে চাকরি থেকে অপসারণ করা হয়েছে। বাকি আটজনের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলমান।
গণঅভ্যুত্থানের সময় সংঘটিত বিভিন্ন ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত বা অপসারণ করা হয়েছে। একই ধরনের ঘটনায় আরও ৩০ পুলিশ পরিদর্শকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গণঅভ্যুত্থানের পর পুলিশ পরিদর্শক পদমর্যাদার অতিরিক্ত ৭৩ কর্মকর্তাকেও অবসরে পাঠিয়েছে সরকার।
সদ্য সংবাদ/ এআর