ভবিষ্যতে এই দেশ তোমরাই পরিচালনা করবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ অক্টোবর, ২০২৬ ১৩:৩৮:২৯
ছবি: সংগৃহীত

ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগামী দিনে দেশের নেতৃত্ব তরুণ প্রজন্মের হাতেই থাকবে। তাই সুস্থ, পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ গড়ার প্রস্তুতি এখন থেকেই নিতে হবে।

শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর মিরপুর বাঙলা কলেজ পরিদর্শনকালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) ও স্কাউট সদস্যদের সঙ্গে মতবিনিময়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শিক্ষার্থীদের উদ্দেশে তারেক রহমান বলেন, ভবিষ্যতে দেশ পরিচালনার দায়িত্ব তাঁদেরই নিতে হবে। এজন্য নিজেদের আশপাশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বন্ধু, আত্মীয়স্বজন ও প্রতিবেশীদেরও পরিবেশ সুরক্ষায় উদ্বুদ্ধ করতে হবে। নির্দিষ্ট কর্মসূচিতে অংশ নেওয়ার মধ্যেই পরিচ্ছন্নতার উদ্যোগ সীমাবদ্ধ না রেখে ব্যক্তিগতভাবেও এ কাজ চালিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দেন তিনি।

জনস্বাস্থ্যের সঙ্গে পরিচ্ছন্ন পরিবেশের সম্পর্ক তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, অপরিচ্ছন্ন পরিবেশ নানা রোগের ঝুঁকি বাড়ায়। বিপুল জনসংখ্যার দেশে সবাই অসুস্থ হয়ে পড়লে পর্যাপ্ত চিকিৎসক ও ওষুধের মাধ্যমে সবার চিকিৎসা নিশ্চিত করা কঠিন হয়ে উঠতে পারে। তাই রোগের চিকিৎসার পাশাপাশি মানুষকে সুস্থ রাখার জন্য প্রতিরোধমূলক উদ্যোগ নেওয়া জরুরি।

ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংস এবং জমে থাকা পানি অপসারণের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি জানান, ডেঙ্গু প্রতিরোধে আগামী নভেম্বর পর্যন্ত প্রতি শনিবার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার উদ্যোগে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মস্থল ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি রাস্তা, খাল, নদী ও জলাশয়ে বর্জ্য না ফেলার আহ্বান জানান তিনি। বিএনসিসি ও স্কাউট সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, কেউ যেখানে-সেখানে ময়লা ফেললে তাঁকে সচেতন করতে হবে এবং নির্ধারিত স্থানে বর্জ্য ফেলার বিষয়ে সহযোগিতা করতে হবে।

রাজধানীর বায়ুদূষণ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তারেক রহমান। দূষণ কমাতে পরিবেশ রক্ষার পাশাপাশি বেশি করে গাছ লাগানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি। এ প্রসঙ্গে নিজের অতীত উদ্যোগের কথা উল্লেখ করে জানান, তাঁর বাবার নামে প্রতিষ্ঠিত একটি সংগঠনের মাধ্যমে ২০০৪-০৫ সালের দিকে ঢাকা শহরে প্রায় ৮০ হাজার নিমগাছের চারা রোপণ করা হয়েছিল।

শিক্ষার্থীদের আরও বেশি গাছ লাগানোর আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, তরুণদের আগের উদ্যোগগুলো ছাড়িয়ে যেতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বক্তব্যে সৌদি আরবের আরাফাতের ময়দানে নিমগাছ রোপণের ইতিহাসও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি জানান, তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে সেখানে নিমগাছের চারা পাঠানো হয়েছিল। সৌদি আরবের আবহাওয়ার উপযোগিতা বিবেচনায় বাংলাদেশের বিজ্ঞানীদের পরামর্শে গাছটি নির্বাচন করা হয়। পরে সেখানে নিমগাছের বিস্তার ঘটে, যা ‘জিয়া ট্রি’ নামে পরিচিতি পেয়েছে বলে তিনি উল্লেখ করেন।

পরিচ্ছন্নতা বজায় রাখার ক্ষেত্রে জাপানের উদাহরণ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, শুধু পরিচ্ছন্নতাকর্মীদের কাজের ওপর নির্ভর করলেই হবে না; নাগরিকদেরও যত্রতত্র ময়লা ফেলার অভ্যাস পরিহার করতে হবে। প্লাস্টিকের বোতল, পলিথিন, খাবারের প্যাকেটসহ বিভিন্ন ধরনের বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, নদী-নালা, খাল-বিল ও জলাশয় দূষণমুক্ত রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে। তরুণ প্রজন্ম সক্রিয়ভাবে এগিয়ে এলে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য অর্জন সহজ হবে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দেশের সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ সদ্য. ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার সদ্য. কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণহানি বেড়ে ১০ সদ্য. রাজধানীর উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত সদ্য. কক্সবাজারের রিসোর্টে আগুনের সূত্রপাত রান্নাঘর থেকে সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে ৯ মাসে ছড়ানো হয়েছে ৪১০টি অপতথ্য: প্রেস সচিব সদ্য. ভবিষ্যতে এই দেশ তোমরাই পরিচালনা করবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী সদ্য. কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, প্রাণহানি বেড়ে ৬ সদ্য. ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী সদ্য. প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ সদ্য. দেশের সব হাসপাতালের লাইব্রেরিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা ৩ বই রাখার নির্দেশ সদ্য. ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার সদ্য. কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন, প্রাণহানি বেড়ে ১০ সদ্য. রাজধানীর উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশত সদ্য. কক্সবাজারের রিসোর্টে আগুনের সূত্রপাত রান্নাঘর থেকে সদ্য. প্রধানমন্ত্রীকে নিয়ে ৯ মাসে ছড়ানো হয়েছে ৪১০টি অপতথ্য: প্রেস সচিব সদ্য. ভবিষ্যতে এই দেশ তোমরাই পরিচালনা করবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী সদ্য. কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, প্রাণহানি বেড়ে ৬ সদ্য. ডেঙ্গু মোকাবিলায় সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে: প্রধানমন্ত্রী সদ্য. প্রাক্তনকে ক্ষমা করার দিন আজ