বাংলাদেশ রেলওয়ের বহরে যুক্ত হওয়ার অপেক্ষায় রয়েছে ভারত থেকে আমদানি করা ১৮টি ব্রডগেজ রেলকোচ। শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে কোচগুলো বাংলাদেশে প্রবেশ করে। ২০০টি এলএইচবি ব্রডগেজ কোচ সরবরাহের চুক্তির আওতায় এটিই প্রথম চালান।
দর্শনা সীমান্তে কোচগুলো গ্রহণ করেন বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগের কর্মকর্তারা। নতুন কোচ দেখতে স্থানীয় উৎসুক মানুষও সীমান্ত এলাকায় ভিড় করেন।
প্রথম চালানে আসা কোচগুলোর মধ্যে রয়েছে ১১টি নন-এসি শোভন চেয়ার কার, তিনটি এসি চেয়ার কার, দুটি এসি স্লিপার কার এবং দুটি এসি পাওয়ার কার।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের পাঞ্জাবের কাপুরথালা রেলকোচ কারখানা থেকে গত ১২ অক্টোবর কোচগুলো বাংলাদেশের উদ্দেশে পাঠানো হয়। পরে পশ্চিমবঙ্গের রানাঘাট রেলস্টেশনে অবস্থানের পর গেদে সীমান্ত হয়ে শুক্রবার সেগুলো দর্শনায় পৌঁছায়।
দর্শনা বন্দরে কাস্টমস-সংক্রান্ত কার্যক্রমসহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে কোচগুলো নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে। সেখানে পরীক্ষা-নিরীক্ষা ও ট্রায়াল রান সম্পন্ন করা হবে। এসব ধাপ শেষে কোচগুলোর মান যাচাই করে বাংলাদেশ রেলওয়ের বহরে অন্তর্ভুক্ত করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশ রেলওয়ের পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা হাসিনা খাতুন জানান, পরীক্ষা-নিরীক্ষা শেষে কোচগুলো বহরে যুক্ত করা হবে। এতে যাত্রীসেবার মান উন্নত হবে বলে আশা করা হচ্ছে।
পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী মো. রবিউল ইসলামও জানিয়েছেন, দর্শনা থেকে কোচগুলো সৈয়দপুর রেলওয়ে কারখানায় নেওয়া হবে। সেখানে ট্রায়াল রানের মাধ্যমে কোচগুলোর কার্যকারিতা ও মান যাচাই করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালে বাংলাদেশ রেলওয়ে ও ভারতের রেল ইন্ডিয়া টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক সার্ভিসেস লিমিটেডের (রাইটস) মধ্যে ২০০টি এলএইচবি ব্রডগেজ কোচ সরবরাহের চুক্তি হয়। প্রথম চালানে ১৮টি কোচ আসার মধ্য দিয়ে সেই সরবরাহ কার্যক্রম শুরু হলো।
সদ্য সংবাদ/এসএস