সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রেখেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে পরিস্থিতি অনুকূলে থাকলে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি মিললে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মাম রুটে আবারও ফ্লাইট পরিচালনা করতে চায় সংস্থাটি। এদিকে জেদ্দা ও মদিনায় নিয়মিত ফ্লাইট চলাচল চালু রয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনসটি।
বিমান জানায়, রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত ওই রুটে ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না। এ বিষয়ে সিদ্ধান্ত হলে যাত্রীদের অবহিত করা হবে।
অন্যদিকে দাম্মাম রুটে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরুর প্রস্তুতি রয়েছে। তবে ২১ অক্টোবর থেকে উড়োজাহাজ চলাচল শুরু হবে কি না, তা নির্ভর করছে প্রয়োজনীয় অনুমতি এবং সার্বিক নিরাপত্তা পরিস্থিতির ওপর।
রিয়াদ ও দাম্মাম রুটে ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় সৌদি আরবে যাতায়াতের জন্য জেদ্দা ও মদিনা বিমানবন্দর ব্যবহার করার সুযোগ রয়েছে যাত্রীদের। বর্তমানে এ দুই গন্তব্যে বিমানের ফ্লাইট স্বাভাবিক রয়েছে।
যাত্রীদের চাপ সামাল দিতে মদিনা রুটে বেশি আসনবিশিষ্ট উড়োজাহাজ ব্যবহার করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ ব্যবস্থা ১৮ অক্টোবর পর্যন্ত চালু থাকবে। এরপর ১৯ অক্টোবর থেকে এ রুটে আগের পরিকল্পনা অনুযায়ী বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনার কথা রয়েছে।
এ ছাড়া যাত্রীদের চাহিদা বিবেচনায় জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে সৌদি আরবে যাতায়াত করতে ইচ্ছুক এবং দেশে ফেরার অপেক্ষায় থাকা যাত্রীদের পরিবহনসুবিধা বাড়ানোর চেষ্টা করছে সংস্থাটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে যাত্রীদের ফ্লাইটের সর্বশেষ সময়সূচি, টিকিট ও বুকিং-সংক্রান্ত তথ্যের জন্য নিকটস্থ বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে।
সদ্য সংবাদ/এসএস