মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব ছাড়ার বিষয়ে আজ আনুষ্ঠানিকভাবে নিজের অবস্থান তুলে ধরবেন ইশরাক হোসেন। সোমবার দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলার কথা জানিয়েছেন তিনি।
সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় এ কর্মসূচির কথা উল্লেখ করেন ইশরাক। সেখানে তিনি জানান, প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেওয়ার পাশাপাশি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন।
পদত্যাগের পরও মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। এ ক্ষেত্রে সংসদ সদস্য কিংবা প্রতিমন্ত্রীর পরিচয়ের পরিবর্তে বিএনপির একজন সাধারণ কর্মী হিসেবে আরও সক্রিয়ভাবে কাজ করার কথা জানিয়েছেন ইশরাক। একই সঙ্গে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার এবং প্রজন্ম দলের সাংগঠনিক কার্যক্রম বিস্তারে দেশের বিভিন্ন জেলায় সফরের পরিকল্পনার কথাও উল্লেখ করেছেন তিনি।

এদিকে, পদত্যাগের সিদ্ধান্ত ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়ার জবাবও দিয়েছেন ইশরাক। ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এর আগে রোববার রাতে তার পদত্যাগের খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে প্রতিমন্ত্রীর প্রেস কর্মকর্তা মাহফুজ কবির মুক্তার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে ওই সময় পদত্যাগের খবরকে অসত্য ও বিভ্রান্তিকর বলে উল্লেখ করা হয়েছিল।
সম্প্রতি রাজধানীর গেন্ডারিয়ায় রেললাইনসংলগ্ন এলাকায় অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার পর ইশরাককে ঘিরে বিতর্ক তৈরি হয়। এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা দেখা দেয়। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলেও খবর প্রকাশিত হয়।
এখন দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে ইশরাকের বক্তব্যের দিকে নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের। সেখানেই প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়ে তার চূড়ান্ত অবস্থান স্পষ্ট হওয়ার কথা।
সদ্য সংবাদ/এসএস