ঢাকাকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি মনে করেন, নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও পরিবেশের উন্নয়নে সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকা এবং আন্তরিক প্রচেষ্টা জরুরি।
সোমবার (১৯ অক্টোবর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবন পরিদর্শন শেষে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকার পরিবেশ উন্নত করার উদ্যোগ নিতে হবে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে। শিশুদের সুস্থভাবে বেড়ে ওঠার জন্য শুধু বাড়ির আশপাশ পরিষ্কার রাখলেই চলবে না; তাদের চলাচলের পুরো নগরীকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর করে তুলতে হবে। এ লক্ষ্য অর্জনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
নগরীর প্রধান সমস্যাগুলোর মধ্যে ময়লা-আবর্জনা ও অপরিচ্ছন্নতার বিষয়টি উল্লেখ করে তারেক রহমান বলেন, অল্প সময়ের মধ্যে এসব সমস্যার সম্পূর্ণ সমাধান সম্ভব নয়। তবে ধারাবাহিক উদ্যোগ এবং আন্তরিক প্রচেষ্টা থাকলে পরিস্থিতির উন্নতি ঘটানো সম্ভব। এ ক্ষেত্রে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
দায়িত্ব পালনের ক্ষেত্রে সমস্যা চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন স্থানে গিয়ে তিনি নিজেই সমস্যাগুলো পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ করেন। একইভাবে সিটি করপোরেশনের কর্মীদেরও নিজ নিজ দায়িত্বের বাইরে সামগ্রিক নগর পরিস্থিতির প্রতি নজর রাখতে হবে এবং সমস্যা সমাধানে উদ্যোগী হতে হবে।
ঢাকার পরিচ্ছন্নতা পরিস্থিতিতে কিছুটা অগ্রগতি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার সঙ্গে সাম্প্রতিক সাক্ষাতের প্রসঙ্গ তুলে ধরেন। তাঁর ভাষ্য অনুযায়ী, বাংলাদেশে দীর্ঘদিন ধরে ব্যবসা করা ওই কর্মকর্তা ঢাকার পরিচ্ছন্নতার ক্ষেত্রে আগের তুলনায় কিছুটা উন্নতি লক্ষ্য করেছেন। প্রধানমন্ত্রী বলেন, এই অগ্রগতি আরও এগিয়ে নেওয়ার সুযোগ রয়েছে।
কর্মকর্তা-কর্মচারীদের আত্মসমালোচনার গুরুত্ব স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, অন্যের কাজের সমালোচনা করার পাশাপাশি নিজের দায়িত্ব যথাযথভাবে পালন করা হচ্ছে কি না, সেটিও মূল্যায়ন করতে হবে। ব্যক্তিগত দায়িত্ববোধ ও কাজের প্রতি আন্তরিকতা বাড়াতে পারলে নগরীর সমস্যাগুলো মোকাবিলা করা সহজ হবে বলে মনে করেন তিনি।
সদ্য সংবাদ/এসএস