আট মাসে পদত্যাগ করলেন বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
১৯ অক্টোবর, ২০২৬ ১৯:১০:১৩
ছবি: সংগৃহীত

সরকার গঠনের আট মাসের মধ্যেই বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং সংরক্ষিত নারী আসনের একজন সংসদ সদস্যের বিদায় ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। এসব পদত্যাগের ক্ষেত্রে সরকারের শীর্ষ পর্যায়ের নির্দেশনা ভূমিকা রেখেছে বলে বিভিন্ন মহলে আলোচনা রয়েছে। সর্বশেষ মন্ত্রিসভা থেকে সরে দাঁড়িয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

ইশরাকের পদত্যাগের পেছনে রয়েছে রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার একটি ঘটনা। গত শনিবার রেললাইনসংলগ্ন এলাকায় পরিচালিত ওই অভিযানে ইশরাক ও তাঁর সঙ্গে থাকা ব্যক্তিদের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। অভিযান চলাকালে অস্ত্র হাতে থাকার ভিডিও নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন তিনি। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুরু হয় সমালোচনা। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি বিএনপি ও সরকারের বিভিন্ন পর্যায়েও অসন্তোষ তৈরি হয় বলে জানা যায়।

এর পরিপ্রেক্ষিতে রোববার প্রধানমন্ত্রী তারেক রহমান ইশরাক হোসেনকে পদত্যাগের নির্দেশ দেন। সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

এ বিষয়ে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন- মানুষের প্রত্যাশার পরিপন্থী কোনো কাজ করলে সংশ্লিষ্ট ব্যক্তি যত ঘনিষ্ঠই হোন না কেন, তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রধানমন্ত্রীর পদক্ষেপে সেই অবস্থানের প্রতিফলন ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।

আইনমন্ত্রী আরও বলেন, ‘আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই। সুতরাং এটা আমাদের সবার মাথায় রাখতে হবে।’

দীপেন দেওয়ানের পদত্যাগ ঘিরে আলোচনা

ইশরাক হোসেনের আগে পদত্যাগ করেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। দায়িত্ব গ্রহণের প্রায় সাড়ে তিন মাস পর গত ১ জুন সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়।

পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে দীপেন দেওয়ান জানান, দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। এ কারণে মন্ত্রণালয়ের নিয়মিত দায়িত্ব পালনে অসুবিধা হচ্ছিল। সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রমের গতি বজায় রাখতে পদ থেকে সরে দাঁড়ানো প্রয়োজন বলে মনে করেন তিনি।

তবে তাঁর পদত্যাগের কারণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে আরও কিছু বিষয় আলোচনায় আসে। এর মধ্যে ছিল পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান পদে সুপারিশ নিয়ে মতপার্থক্য এবং রাঙামাটি বিএনপির অভ্যন্তরীণ রাজনীতি। মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনা ও নীতিগত সিদ্ধান্ত গ্রহণ নিয়েও নানা আলোচনা ছিল।

দীপেন দেওয়ানের পদত্যাগে মন্ত্রণালয়ের কর্মকর্তারাও বিস্ময় প্রকাশ করেছিলেন। সে সময় নাম প্রকাশ না করার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ঢাকা পোস্টকে জানিয়েছিলেন, পদত্যাগের ঘটনাটি তাঁদেরও অবাক করেছে এবং কীভাবে এমন সিদ্ধান্ত এলো, তা তাঁরা জানতেন না।

এদিকে দীপেন দেওয়ানকে পুনর্বহাল এবং তাঁর পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে রাঙামাটি শহরে বিক্ষোভ করেন তাঁর অনুসারী ও সমর্থকেরা। তাঁদের অভিযোগ ছিল, তাঁকে পদত্যাগে বাধ্য করা হয়েছে।

জহির উদ্দিন স্বপনের দায়িত্বে পরিবর্তন

গত ২২ আগস্ট তথ্য ও সম্প্রচারমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন জহির উদ্দিন স্বপন। তবে একই দিন তাঁকে মন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এর আগের দিন তথ্য ও সম্প্রচারমন্ত্রীর দায়িত্ব পান আন্দালিভ রহমান পার্থ। এ পরিবর্তনের পর জহির উদ্দিন স্বপনের মন্ত্রিত্ব কার্যত চলে যাওয়া নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়। যদিও মন্ত্রীর পদ ছাড়ার পর তাঁকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যের পদত্যাগ

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পাশাপাশি পদত্যাগ করেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি। মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় তাঁকে পদত্যাগের নির্দেশ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এরপর গত ১ অক্টোবর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন মিষ্টি। পরে জাতীয় সংসদ সচিবালয় তাঁর আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।

পদত্যাগ ঘিরে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন

সরকার গঠনের আট মাসের মধ্যে তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং একজন সংসদ সদস্যের আসন হারানোর ঘটনা সরকারের সিদ্ধান্ত গ্রহণের ধরন নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। কয়েকটি ঘটনায় প্রধানমন্ত্রীর নির্দেশনার বিষয়টি সামনে এসেছে। তবে পদত্যাগগুলোর কারণ এক নয়—কোথাও ব্যক্তিগত অসুস্থতার কথা বলা হয়েছে, কোথাও বিতর্কিত ঘটনার পর পদ ছাড়ার নির্দেশ এসেছে, আবার কোথাও মন্ত্রিসভার দায়িত্বে পরিবর্তন ঘটেছে।

সদ্য সংবাদ/এসকে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জুলাই আন্দোলনের প্রথম কোনো আসামি মুক্তি পেলেন কারাগার থেকে সদ্য. আট মাসে পদত্যাগ করলেন বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী সদ্য. অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠছে জ্বালানি খাত: অর্থমন্ত্রী সদ্য. ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার সদ্য. সুন্দরবনসংলগ্ন নলিয়ান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যময় পোস্ট সদ্য. প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগ সদ্য. নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. জুলাই আন্দোলনের প্রথম কোনো আসামি মুক্তি পেলেন কারাগার থেকে সদ্য. আট মাসে পদত্যাগ করলেন বিএনপি সরকারের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী সদ্য. রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে দেশ গড়ি: প্রধানমন্ত্রী সদ্য. অর্থনীতির মূল চালিকাশক্তি হয়ে উঠছে জ্বালানি খাত: অর্থমন্ত্রী সদ্য. ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা গ্রেপ্তার সদ্য. সুন্দরবনসংলগ্ন নলিয়ান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যময় পোস্ট সদ্য. প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগ সদ্য. নিজের সন্তানের জন্য হলেও ঢাকাকে পরিচ্ছন্ন রাখার আহ্বান প্রধানমন্ত্রীর