রাজধানীর মোহাম্মদপুরে একটি ভবনে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন পাবনার ঈশ্বরদী ও আটঘরিয়া এলাকার সাবেক জনপ্রতিনিধি এবং উপজেলা পর্যায়ের দলীয় নেতা।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টার দিকে ইকবাল রোডে প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারের পাশের একটি ভবনের পঞ্চম তলায় অভিযান চালানো হয়। সেখান থেকেই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. আবুল কালাম আজাদ (৬১), সংগঠনটির সাবেক সাধারণ সম্পাদক মো. মোখলেসুর রহমান মিন্টু (৬৪) এবং আটঘরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শহিদুল ইসলাম রতন (৬৩)।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জুয়েল রানা। তিনি জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল ওই ভবনে অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন মোহাম্মদপুর থানার উপপরিদর্শক রাজু আহাম্মেদ ও আমিরুজ্জামান।
পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা হিসেবে পরিচয় পাওয়া গেছে। তাঁরা ঢাকায় অবস্থান করে দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রাখছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পাশাপাশি দলীয় কার্যক্রম পরিচালনা ও পরিকল্পনার উদ্দেশ্যে ওই ফ্ল্যাটে তাঁদের একত্র হওয়ার তথ্যও জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা। তাঁর দাবি, অভিযানকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি ঘটেনি।
সদ্য সংবাদ/এসএস