ঢাকের শেষ তালে, ভক্তদের প্রার্থনা আর চোখের জলে বিদায়বেলায় উপনীত সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনব্যাপী এই আয়োজন। উৎসবের আনন্দের মাঝে মণ্ডপে মণ্ডপে এখন বিরাজ করছে বিদায়ের আবহ।
বুধবার (২১ অক্টোবর) দেবী দুর্গাকে বিদায় জানাবেন ভক্তরা। বিসর্জনের মধ্য দিয়ে কৈলাসে ফিরে যাবেন দেবী- এমন বিশ্বাস থেকেই আগামী বছরের অপেক্ষায় বুক বাঁধবেন পূজারিরা।
এদিকে, প্রতিমা বিসর্জন ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে সন্ধ্যার আগেই বিসর্জন সম্পন্ন করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এ নির্দেশনা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিমা বিসর্জনের প্রস্তুতি নিচ্ছেন সংশ্লিষ্টরা।
রাজধানীতে আজ বিকেল ৪টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হবে প্রতিমা বিসর্জনের শোভাযাত্রা। শোভাযাত্রাটি পলাশী, জগন্নাথ হল, দোয়েল চত্বর, গুলিস্তান মোড়, নবাবপুর রোড ও রায়সাহেব বাজার হয়ে ওয়াইজঘাটে পৌঁছাবে। সেখানে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাজধানীতে দুর্গোৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে।
এর আগে, গত ১৬ অক্টোবর ষষ্ঠীপূজার মধ্য দিয়ে শুরু হয় এবারের শারদীয় দুর্গোৎসব। পূজা, অঞ্জলি, আরতি ও নানা আয়োজনে গত কয়েক দিন মুখর ছিল মণ্ডপগুলো। আজ বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হচ্ছে সেই আয়োজন। তবে উৎসবের রেশ আর দেবীকে ঘিরে ভক্তদের আবেগ থেকে যাবে আরও অনেক দিন।
সদ্য সংবাদ/এসকে