রাষ্ট্রপতি নির্বাচনে সংসদ সদস্যদের স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ ছিল না বলে মন্তব্য করেছেন ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ। সংবিধানের ৭০ অনুচ্ছেদ বহাল থাকার কারণেই এমপিদের ইচ্ছামতো ভোট দেওয়ার সুযোগ সীমিত হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
বুধবার (২০ আগস্ট) রাজধানীর মহাখালীতে নিজের বাসভবনে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন অলি আহমদ।
তিনি বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফায় সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিলের বিষয়টি উল্লেখ রয়েছে। কিন্তু রাষ্ট্রপতি নির্বাচনের সময়ও এ বিধান কার্যকর থাকায় সংসদ সদস্যরা দলীয় অবস্থানের বাইরে গিয়ে নিজেদের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারেননি।
রাষ্ট্রপতি নির্বাচনে জনগণের মতামতের প্রসঙ্গ তুলে অলি আহমদ দাবি করেন, বিভিন্ন জনমত জরিপে তার পক্ষে ব্যাপক সমর্থনের চিত্র উঠে এসেছিল। কয়েকটি জরিপে ৬৮ শতাংশ মানুষ তাকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চেয়েছেন বলেও দাবি করেন তিনি।
দেশ পরিচালনায় সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে অলি আহমদ বলেন, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিতা প্রতিষ্ঠিত না হলে সাধারণ মানুষের জীবনেও স্বস্তি ফিরবে না। জনগণের অধিকার ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানান তিনি।
এদিকে রাষ্ট্রপতি নির্বাচনে বিজয়ী বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান অলি আহমদ। নতুন রাষ্ট্রপতিকে ১১ দলীয় জোটের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে দেশের মানুষের প্রত্যাশা পূরণে দায়িত্বশীলভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অলি আহমদ বলেন, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে জনগণকে সঙ্গে নিয়ে রাষ্ট্র পরিচালনায় এগিয়ে যেতে হবে। সুশাসন, জবাবদিহিতা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করলেই দেশের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাসের সুযোগ পাবে।
সদ্য সংবাদ/এসকে