দলের মহাসচিব পদ শূন্য হওয়ার কয়েক দিনের মধ্যেই নতুন নেতৃত্বের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানায় বিএনপি। দলের গঠনতন্ত্রের ৭(খ)৬ ধারা অনুযায়ী রিজভীকে এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। নতুন দায়িত্ব তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
এর আগে রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত হওয়ার পর তিনি দলীয় মহাসচিবের দায়িত্ব থেকে সরে দাঁড়ান। এরপর থেকে পদটি শূন্য ছিল।
মির্জা ফখরুলের স্থলাভিষিক্ত হিসেবে রিজভীর নাম নিয়ে দলের ভেতরে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ফল প্রকাশের দিনই তার নিয়োগের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাল বিএনপি।
দলের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ার আগে রুহুল কবির রিজভী দীর্ঘদিন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব হিসেবে সাংগঠনিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। সম্প্রতি তাকে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেও অন্তর্ভুক্ত করা হয়।
গত ১৫ আগস্ট বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে রিজভীসহ চারজন নতুন সদস্য যুক্ত হন। অন্যরা হলেন চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম এবং মো. ইসমাইল জবিউল্লাহ।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর বিএনপির সাংগঠনিক নেতৃত্বে রিজভীর নতুন দায়িত্ব দলটির জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
সদ্য সংবাদ/এসকে