দেশের নতুন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় তিনি মির্জা ফখরুলকে অভিনন্দন জানান এবং রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ২০২৬ সালের ২০ আগস্ট অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচিত হওয়ায় তিনি তাকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন।

নতুন রাষ্ট্রপতির প্রতি শুভকামনা জানিয়ে জামায়াত আমির আশা প্রকাশ করেন, রাষ্ট্রের অভিভাবক হিসেবে মির্জা ফখরুল দায়িত্ব পালনে ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণ এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
তিনি আরও প্রত্যাশা করেন, রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ এই দায়িত্বে নবনির্বাচিত রাষ্ট্রপতি তার অভিজ্ঞতা, প্রজ্ঞা ও যোগ্যতার সর্বোচ্চ প্রয়োগ করবেন।
শুভেচ্ছা বার্তার শেষদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করেন ডা. শফিকুর রহমান।
উল্লেখ্য, বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।
সদ্য সংবাদ/এসএস