জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ঘিরে সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন বিএনপি নেতা ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের আরও সংযত আচরণের আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৫ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন রাশেদ খাঁন।
পোস্টে তিনি দাবি করেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এনসিপির নেতাকর্মী ও সমন্বয়কদের নানা কর্মকাণ্ড নিয়ে নিয়মিত আলোচনা হলেও বর্তমানে বিরোধী দলে অবস্থান করায় দলটির নেতাকর্মীদের তেমন তৎপরতা দেখা যাচ্ছে না। তার ভাষ্য, ক্ষমতার বাইরে থাকায় এনসিপির নেতাকর্মীরা আগের মতো সুযোগ পাচ্ছেন না।
রাশেদ খাঁনের মতে, এর বিপরীতে বর্তমান সময়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে অভিযোগ ও সমালোচনা সামনে আসছে। তিনি বলেন, রাজনৈতিক কর্মকাণ্ডে কারও বেপরোয়া আচরণ কাম্য নয় এবং ক্ষমতার অবস্থানকে কোনোভাবেই অপব্যবহার করা উচিত নয়।

নিজের বক্তব্যের ব্যাখ্যায় রাশেদ খাঁন অতীতে এনসিপির কর্মকাণ্ড নিয়ে ওঠা বিভিন্ন অভিযোগের প্রসঙ্গও তুলে ধরেন। জুলাইয়ের ঐক্য, জুলাইয়ের চেতনা ও দুর্নীতির অভিযোগ নিয়ে এনসিপির সমালোচনা করেন তিনি।
তবে কোনো একটি রাজনৈতিক দলকে ক্ষমতায় গেলে কী ধরনের আচরণ করবে এমন আগাম মূল্যায়নের পক্ষে নন বলেও উল্লেখ করেন তিনি। বরং সব পক্ষকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান বিএনপির এই নেতা।
দেশে রাজনৈতিক স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সরকার ও বিরোধী দল উভয়ের কর্মকাণ্ডের নিয়মিত মূল্যায়নের প্রয়োজন রয়েছে বলে মত দেন রাশেদ খাঁন। তার মতে, রাজনৈতিক দলগুলোর পারস্পরিক সহনশীলতা বাড়লে দেশকে সামনে এগিয়ে নেওয়ার পথ আরও সহজ হবে।
সদ্য সংবাদ/এসএস