পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)- এর শুভাগমনের মধ্য দিয়ে বিশ্বজুড়ে রহমত ও কল্যাণের দ্বার উন্মুক্ত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, মহানবীর আগমন মানবজাতির ইতিহাসে এক অনন্য ঘটনা। তাঁর জীবন ও আদর্শ মানুষকে সত্য, ন্যায়, মানবিকতা, সহমর্মিতা ও উদারতার শিক্ষা দেয়। মহানবীর দেখানো পথ অনুসরণ করেই সমাজে শান্তি, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব।
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসী ও মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়ে বিএনপির এই নেতা সবার শান্তি ও কল্যাণ কামনা করেন।
তিনি মহানবী হজরত মুহাম্মদ (সা.)- কে বিশ্বমানবতার জন্য অনুকরণীয় আলোকবর্তিকা হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে, মানবতা, সহমর্মিতা, উদারতা ও মানুষের প্রতি ভালোবাসার যে শিক্ষা মহানবী দিয়ে গেছেন, তা সব সময়ের জন্য মানবজাতির পথনির্দেশক হয়ে থাকবে।
রিজভী আরও বলেন, মহানবী (সা.) শৈশব থেকেই সত্যবাদিতা ও আমানতদারিতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। অন্যের কল্যাণে কাজ করা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার বিষয়েও তাঁর জীবন থেকে গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়।
তিনি বলেন, মহানবী (সা.)- এর ওপর নাজিল হওয়া পবিত্র কোরআন মানবজাতির জন্য পূর্ণাঙ্গ জীবনবিধান ও পথপ্রদর্শক। কোরআনের শিক্ষা এবং মহানবীর জীবনাদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে শৃঙ্খলা, ন্যায়, মানবিকতা ও কল্যাণ প্রতিষ্ঠার পথ তৈরি হয়।
মহানবীর আদর্শকে ধারণ করে মানুষের জীবন পরিচালনা এবং সমাজে শান্তি ও মানবতার চর্চা বাড়ানোর আহ্বানও জানান রিজভী।
সদ্য সংবাদ/এসকে