জনগণের বিভিন্ন সমস্যা তুলে ধরা এবং গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের কর্মসূচিতে অংশ নিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে আয়োজিত লং মার্চে দলটির নেতাকর্মীরা অংশ নেবেন বলে জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে লং মার্চে এনসিপির অংশগ্রহণের বিষয়টি জানান তিনি। এ সময় তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের নিত্যদিনের ভোগান্তি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি সংকটসহ বিভিন্ন সমস্যা তুলে ধরতেই এই কর্মসূচিতে অংশ নিচ্ছে এনসিপি।
আখতার হোসেন জানান, লং মার্চ সফল করতে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের সভাপতিত্বে এনসিপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে কর্মসূচির প্রস্তুতি ও অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি অভিযোগ করেন, সরকার দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ সময় পার হলেও জনগণের প্রত্যাশা অনুযায়ী কার্যকর পদক্ষেপ নিতে পারেনি। তার দাবি, গণভোটের রায় বাস্তবায়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং জনসাধারণের মৌলিক সেবাগুলো নিশ্চিত করার ক্ষেত্রে সরকারের ব্যর্থতা রয়েছে।
জ্বালানি পরিস্থিতি নিয়ে এনসিপির সদস্য সচিব বলেন, বিদ্যুৎ, গ্যাস ও তেলের সংকটের কারণে সাধারণ মানুষ ও শিল্প খাত ক্ষতির মুখে পড়ছে। বিশেষ করে গ্রামাঞ্চলে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকা এবং কৃষকদের সার সংকটের বিষয়টি তিনি তুলে ধরেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন আখতার হোসেন। তিনি বলেন, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধের কারণে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, জনগণের সমস্যা ও দাবিগুলো নিয়ে সংসদে আলোচনা হলেও সরকার সেগুলো যথাযথ গুরুত্ব দিচ্ছে না। তাই জনগণের কাছে গিয়ে তাদের বাস্তব পরিস্থিতি তুলে ধরার সিদ্ধান্ত নিয়েছে ১১ দলীয় ঐক্য।
এনসিপির সদস্য সচিব বলেন, লং মার্চের মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের কথা তুলে ধরা হবে এবং জনগণের স্বার্থে সরকারের কাছে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হবে।
সদ্য সংবাদ/এসএস