ছয় দফা দাবিতে রাজধানী ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বর থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
এর আগে সকাল ৭টায় শাপলা চত্বরে লংমার্চের উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষ অংশ নেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশের কার্যক্রম শুরু করা হয়।
লংমার্চের বহর ঢাকা থেকে চট্টগ্রামের পথে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা ও সমাবেশে অংশ নেবে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী প্রথম পথসভা অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জের কাচপুর ব্রিজ সংলগ্ন ট্রাকস্ট্যান্ড এলাকায়। এরপর কুমিল্লার পদুয়া বাজার বিশ্বরোড, ফেনীর মহীপাল ও মীরসরাইয়ে পথসভা করার কথা রয়েছে।
দিনব্যাপী কর্মসূচির শেষ পর্যায়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে জনসমাবেশ অনুষ্ঠিত হবে। শনিবার সন্ধ্যায় ওই সমাবেশের মধ্য দিয়ে ১১ দলীয় ঐক্যের লংমার্চ কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ছয় দফা দাবি আদায়ে জনমত গড়ে তোলা এবং নিজেদের কর্মসূচি জনগণের সামনে তুলে ধরতেই এ লংমার্চের আয়োজন করা হয়েছে।
সদ্য সংবাদ/এসকে