প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর অভিযোগ, তারেক রহমান ‘নতুন স্বৈরাচার’ হিসেবে আবির্ভূত হয়েছেন। এ ধরনের প্রবণতা অব্যাহত থাকলে রাজপথে গণ-আন্দোলন গড়ে উঠবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এক মানববন্ধনে এসব কথা বলেন নাহিদ ইসলাম। বিএনপি সরকারের মানবাধিকার লঙ্ঘনমূলক আইন পাস, বিরোধী মত দমন এবং নাগরিকের মৌলিক অধিকার হরণের প্রতিবাদে এনসিপি এ কর্মসূচির আয়োজন করে।
তারেক রহমানকে উদ্দেশ করে নাহিদ ইসলাম বলেন, ‘ন্যাড়া বেলতলায় একবার যায়, কিন্তু তারেক রহমান বারবার যায়। আমরা তারেক রহমানকেও বলব দ্রুত সময়ের মধ্যে আপনি সঠিক পথে আসুন, গণতন্ত্রের পথে আসুন।’
তিনি বলেন, ‘গণতন্ত্র তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়, মানবাধিকারও তারেক রহমানের হাতে সুরক্ষিত নয়। তারেক রহমান নতুন স্বৈরাচার হিসেবে আবির্ভূত হয়েছেন।’
এ ধরনের প্রবণতা অব্যাহত থাকলে জনগণ রাজপথে আন্দোলন গড়ে তুলবে বলে মন্তব্য করেন নাহিদ। তিনি বলেন, জনগণের মধ্যে থাকা বিভিন্ন রাজনৈতিক শক্তি বিএনপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হবে এবং ক্রমশ গণ-আন্দোলন আসন্ন হয়ে উঠবে।
দুর্নীতি দমন কমিশন (দুদক) নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির আহ্বায়ক। তাঁর অভিযোগ, সাত মাস পর দুদক পুনর্গঠন করে এনসিপি ও বিরোধী দলকে লক্ষ্যবস্তু করা হচ্ছে।
বিএনপির ২০০১ থেকে ২০০৬ সালের শাসনামলের দুর্নীতির অভিযোগ তদন্তের আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘যদি সাহস থাকে, ২০০১ থেকে ২০০৬ সালের দুদকের দুর্নীতির অভিযোগগুলো তদন্ত করুন।’ তিনি অতীতের দুর্নীতির বিভিন্ন অভিযোগের প্রসঙ্গ তুলে বর্তমান সরকারের বিরুদ্ধেও সমালোচনা করেন।
নাহিদ ইসলামের অভিযোগ, বর্তমান সরকার দুদককে এনসিপি ও বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে ব্যবহার করছে। এর আগে বিএনপির বিরুদ্ধে থাকা দুর্নীতির অভিযোগও তদন্ত করা উচিত বলে তিনি মন্তব্য করেন।
মানবাধিকার পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন এনসিপির এই নেতা। তাঁর ভাষ্য, দেশে মানুষের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কথা বলার মতো পর্যাপ্ত বুদ্ধিজীবী পাওয়া যাচ্ছে না।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। নাহিদের অভিযোগ, সরকার নির্বাচন কমিশনকে ‘ভূলুণ্ঠিত’ করছে। একই সঙ্গে পুলিশ সংস্কার না করে বিরোধী মত দমনে পুলিশকে ব্যবহারের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাতিসংঘ সফরের প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম বলেন, সেখানে বাংলাদেশের পক্ষ থেকে জাতীয় ঐক্যের চিত্র তুলে ধরা উচিত। তাঁর ভাষায়, তারেক রহমান শুধু বিএনপির নয়, দেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন।
এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রসঙ্গ টেনে নাহিদ বলেন, তাঁর বিরুদ্ধেও বিভিন্ন সমালোচনা ছিল। তবে পতিত স্বৈরাচারকে ঠেকাতে তিনি জাতীয় ঐক্য দেখিয়েছিলেন বলে দাবি করেন নাহিদ। তাঁর অভিযোগ, তারেক রহমান সেই জাতীয় ঐক্য দেখাতে ব্যর্থ হয়েছেন।
গণভোটের রায় বাস্তবায়ন না করার অভিযোগও তোলেন এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, গত ১৬ বছর গণতন্ত্রের জন্য লড়াই করা বিএনপি ক্ষমতায় এসে জনগণের রায়কে অবজ্ঞা করছে বলে তিনি মনে করেন। যে সরকারের বিরুদ্ধে মানবাধিকার হরণের অভিযোগ ছিল, সেই সরকারই এখন অন্যের মানবাধিকার হরণ করছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির প্রসঙ্গ তুলে নাহিদ ইসলাম আরও অভিযোগ করেন, নির্বাচনের আগে বিএনপি ‘মদিনার ইসলাম’ কায়েমের কথা বললেও এখন ইসলামবিরোধী আইন পাসের চেষ্টা করছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্তির প্রতিশ্রুতির প্রসঙ্গও তোলেন তিনি। নাহিদের দাবি, খালেদা জিয়া ও তারেক রহমান আগে র্যাব বিলুপ্তির কথা বলেছিলেন। এখন সরকার সেই অবস্থান থেকে সরে গেছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি বলেন, ‘জনগণের কাছে প্রতারণা করে যাচ্ছেন। জনগণ সবকিছুই বোঝে। জনগণ ইনশা আল্লাহ রাজপথে এবং ব্যালট বাক্সে এর জবাব দেবে।’
মানববন্ধনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/ এআর