কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষিকা নাহিদা নাহিদের ছেলে অপ্রতিম হত্যাকাণ্ডে গভীর শোক ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শুভ ও সদস্য সচিব আবুল বাশার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ শোক ও প্রতিবাদ জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অপ্রতিমের অকাল ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তারা গভীরভাবে শোকাহত। এ ঘটনায় শোকসন্তপ্ত মা নাহিদা নাহিদ ম্যাম এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে গভীর সমবেদনা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মহান আল্লাহ যেন অপ্রতিমকে ক্ষমা করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করেন।একই সঙ্গে হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।
কুবিশাখা ছাত্রদলের আহ্বায়ক মুস্তাফিজুর রহমান শুভ বলেন, ''বাংলা বিভাগের শিক্ষিকা নাহিদা নাহিদ ম্যামের একমাত্র ছেলে অপ্রতীমকে অমানবিক নির্যাতন করে হত্যার প্রতিবাদ ও শোক প্রকাশ করছি। আমরা গতকাল ম্যামের ছেলেকে হারানোর সংবাদ শুনার সাথে সাথে আমরা সারা রাত খোঁজা খুঁজি করেছি,আজ সকাল থেকে আবারও ক্যাম্পাস এলাকার সবদিকে বিভিন্ন টিম খুঁজে নিয়োজিত ছিলো। খুঁজাখুঁজির এক পর্যায়ে সংবাদের ভিত্তিতে অপ্রীতিমের মৃতদেহের সংবাদ পাই। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক কিংবা শিক্ষার্থী বা কোন শিক্ষকের সন্তানকে এভাবে আমরা হারাতে হবে আমরা ভাবতেই পারি নাই। আমরা অপ্রীতিম হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবী জানাই এবং এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।"
তিনি আরও বলেন, " আগামীতে অপ্রীতিমের মতো আর কাউকে যেন হারাতে না হয় সেই পদক্ষেপ গ্রহন করার জন্য আইনশৃঙ্খলা প্রশাসনের নিকট দাবী জানাই। পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করতে এবং এই এলাকাকে অপরাধ মুক্ত রাখতে কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আহ্বান জানাবো যেন দ্রুত বিশ্ববিদ্যালয়ের চারপাশ সিসি ক্যামেরা সংযুক্ত করেন। ক্যাপাস এলাকা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুরক্ষা দিতে এই পদক্ষেপটি অতিব জরুরি।"
সদ্য সংবাদ/এসকে