জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার দলটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বাংলামোটর এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হবে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করছে।
বিক্ষোভে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কেন্দ্রীয় পর্যায়ের নেতারা অংশ নেবেন বলে জানিয়েছে দলটি।
এনসিপি বলছে, সাধারণ মানুষের ওপর জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব এবং এর প্রতিবাদ জানাতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে।
এর আগে রোববার বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম প্রতি লিটারে ২০ টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত জানানো হয়।
সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হওয়ার পরই এর প্রতিবাদে রাজনৈতিক ও বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জ্বালানি তেলের দাম বাড়ানোর ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, এবারের মূল্যবৃদ্ধি দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। ২০২২ সালের ৬ আগস্ট তৎকালীন সরকার ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম ৪২ থেকে ৫১ শতাংশ পর্যন্ত বাড়িয়েছিল। পরে ব্যাপক জনঅসন্তোষের মুখে ডিজেলের দাম লিটারে ৫ টাকা কমানো হয়।
অন্যদিকে, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত ১৮ এপ্রিল প্রথম দফায় ডিজেল, অকটেন ও পেট্রোলসহ বিভিন্ন জ্বালানি তেলের দাম ১৫ থেকে ১৬ দশমিক ৬৭ শতাংশ পর্যন্ত বাড়িয়েছিল।
সদ্য সংবাদ/এসএস