বিএনপিকে ‘খুচরা দল’ হিসেবে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। তিনি বলেন, বিএনপির সঙ্গে সাধারণ মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক ও সাংগঠনিক সম্পর্ক রয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন তিনি।
আবদুস সালাম বলেন, বিএনপি কোনো ধরনের বিশৃঙ্খলা বা উচ্ছৃঙ্খল রাজনীতিতে বিশ্বাস করে না। বিরোধী দলে থাকার সময়ও দলটি সংঘাতের পথে যায়নি এবং অস্ত্রের রাজনীতির সঙ্গে যুক্ত হয়নি বলে দাবি করেন তিনি।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় তার ভূমিকা রয়েছে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
আবদুস সালামের ভাষ্য, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষায় দলের নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিএনপি দীর্ঘ সময় ধরে গণতন্ত্রের দাবিতে আন্দোলন করে এসেছে বলেও তিনি উল্লেখ করেন।
সমাবেশে রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন বিএনপির এই নেতা। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে সরিয়ে দেওয়ার কোনো উদ্যোগ সফল হবে না। নির্বাচিত সরকারের মেয়াদ পূর্ণ হওয়ার আগে সরকার পরিবর্তনের বিষয়ে যারা কথা বলছেন, তাদের অপেক্ষা করার আহ্বান জানান তিনি।
দলের সাংগঠনিক অবস্থান শক্তিশালী করার ওপরও গুরুত্ব দেন আবদুস সালাম। তার মতে, প্রতিটি এলাকায় দলীয় সংগঠন আরও সুসংগঠিত করতে হবে। নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় থাকার আহ্বান জানান তিনি।
এদিনের কর্মসূচিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, দলের যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, ফেনী-১ আসনের সংসদ সদস্য মুন্সী রফিকুল আলম মজনু এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসএস