দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো সরকারের এমন দাবির সঙ্গে সাধারণ মানুষের অভিজ্ঞতার কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, যে সরকারই ক্ষমতায় থাকে, তারা নিয়ম করে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো বলে দাবি করে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। দুই দিনের সফরে সকালে সিলেটে পৌঁছান শফিকুর রহমান। সফরে তিনি কয়েকটি দলীয় ও সামাজিক কর্মসূচিতে অংশ নেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের বক্তব্যের প্রসঙ্গ টেনে শফিকুর রহমান বলেন, ‘সরকারি দল, যখন যে সরকারে থাকে, আইসাই বলে যে আইনশৃঙ্খলা আগের চেয়ে ভালো। আমি সংসদে কথাটা বলেছি, ওই আগটাকে বুঝলাম না, আর ভালোটাও দেখলাম না। আপনি ভালো বলবেন। পথে–ঘাটে, রাস্তায় বিভিন্ন জায়গায় ঘরে–দুয়ারে যা ঘটতেছে, ভালো বলবেন?’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ছেলের হত্যাকাণ্ডের প্রসঙ্গও তুলে ধরেন জামায়াতের আমির। তিনি বলেন, নিহত কিশোরকে এখন দুষ্টু হিসেবে তুলে ধরার চেষ্টা চলছে। তাঁর মতে, এভাবে ঘটনার দায় এড়িয়ে অন্যের ওপর চাপিয়ে দেওয়া কোনো ভালো লক্ষণ নয়। তিনি প্রশ্ন তোলেন, কেউ দুষ্ট হলে তাকে এভাবে হত্যা করা হবে কি না এবং তাকে ভালো করার চেষ্টা করা হয়েছিল কি না।
মাদক ও অস্ত্রের বিস্তার নিয়েও উদ্বেগ জানান শফিকুর রহমান। এ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সমালোচনা করে তিনি বলেন, ‘সবার ব্যাপারে খবর রাখেন, শুধু নিজেরটা পারেন না। তার একই রাজনৈতিক দলের নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “মাদকের বড় চালান আসে উনার এলাকা থেকে। আমরা বলিনি।”’
সিলেটে চাঁদাবাজি নেই এমন দাবি করা যাবে না বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। তাঁর মতে, গণমাধ্যম স্বাধীনভাবে এসব ঘটনা তুলে ধরতে পারলে প্রকৃত পরিস্থিতি আরও স্পষ্ট হবে। সাংবাদিকেরা অনেক সময় চাপের মধ্যে কাজ করেন এবং সংবাদ প্রকাশের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের চাপ থাকে বলে উল্লেখ করেন তিনি।
সদ্য সংবাদ/ এআর