রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের বেতন-ভাতা বাড়ানোর উদ্যোগ নিয়ে বিরোধীদলের আগাম সমালোচনাকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর দাবি, এখনো বেতন বাড়ানোর কোনো সিদ্ধান্ত হয়নি; কেবল বিষয়টি নিয়ে একটি উদ্যোগ নেওয়া হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, মানুষের অধিকার ক্ষুণ্ন করে সরকার কোনো সিদ্ধান্ত নেবে না। অথচ বিষয়টি চূড়ান্ত হওয়ার আগেই বিরোধীদল সমালোচনা শুরু করেছে বলে দাবি করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, বিরোধীরা নতুন কোনো ইস্যু না পেয়ে আগাম বক্তব্য দিচ্ছে। একই সঙ্গে তাঁর অভিযোগ, এ ধরনের বক্তব্যের মাধ্যমে পরাজিত শক্তিকে উৎসাহিত করা হচ্ছে। এ বিষয়ে বিরোধী দলগুলোকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া বক্তব্য প্রসঙ্গেও কথা বলেন রিজভী। তাঁর ভাষ্য, ওই বক্তব্যে বিশ্বের নিপীড়িত, শান্তিকামী ও গণতন্ত্রকামী মানুষের আকাঙ্ক্ষা তুলে ধরা হয়েছে। বিএনপির পক্ষ থেকে ওই বক্তব্যের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান তিনি।
রিজভী আরও বলেন, দেশের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার চেষ্টা করছে সরকার। তাঁর অভিযোগ, সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।
বিরোধী দলগুলোর বিভিন্ন কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, লংমার্চ ও নানা ধরনের হুমকির মাধ্যমে দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করা হচ্ছে। রাজশাহী রেলস্টেশনে ভাঙচুরের ঘটনাও এ প্রসঙ্গে তুলে ধরেন তিনি।
জুলাইয়ের আন্দোলনে মানুষের আত্মত্যাগের কথা উল্লেখ করে রিজভী বলেন, সেই আত্মত্যাগকে কোনোভাবেই কলঙ্কিত করা উচিত নয়। গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করতে পারে- এমন কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
সদ্য সংবাদ/এসকে