ভালো কাজে তরুণদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, অপরাধের সঙ্গে সম্পৃক্ত হলে পরিচয় বা সম্পর্ক কোনোভাবেই বিবেচনায় নেওয়া হবে না। এমনকি নিজের ভাই কিংবা নিজ এলাকার কোনো শিক্ষার্থী হলেও তাকে ছাড় দেওয়া হবে না। বরং অপরাধের ক্ষেত্রে দেবিদ্বারের তরুণদের অন্য উপজেলার তুলনায় ৪ থেকে ৫ গুণ বেশি শাস্তির মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেন তিনি।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চবিদ্যালয়ে জিপিএ-৫ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।
শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে তিনি বলেন, কেউ বিদেশে উচ্চশিক্ষা বা ভিন্ন কোনো পেশায় যেতে চাইলে সেটি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে দেশে থেকে পড়াশোনার মাধ্যমে ক্যারিয়ার গড়তে হলে শিক্ষাজীবনের ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান সময়কে সঠিকভাবে কাজে লাগাতে পারলে ভবিষ্যতে উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত হবে বলেও উল্লেখ করেন তিনি।
দেবিদ্বারে কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ততার বিষয়টিও তুলে ধরেন হাসনাত। তার বক্তব্য অনুযায়ী, সম্প্রতি এসব অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে, যাদের মধ্যে বিভিন্ন পরিচিত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীও রয়েছে।
এ ধরনের ঘটনায় নিজের এলাকার তরুণদের নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, দেবিদ্বারের কোনো শিক্ষার্থীর গ্রেপ্তারের খবর পেলে সেটি তার জন্য বিব্রতকর। বিপরীতে এলাকার কোনো তরুণ ভালো কাজের সঙ্গে যুক্ত হলে সেটিই হবে স্থানীয়দের জন্য গর্বের বিষয়।
শিক্ষার্থীদের নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জীবনে তারা কী হতে চায়, সেই সিদ্ধান্ত তাদের নিজেদেরই নিতে হবে। ভালো পথে এগিয়ে গিয়ে সমাজ ও দেশের জন্য কাজ করার বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেবিদ্বার সরকারি রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শরিফুর রহমান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. কামরুজ্জামান মজুমদার, সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুস সবুর এবং সাবেক শিফট ইনচার্জ জামাল মো. কবীরসহ সংশ্লিষ্টরা।
সদ্য সংবাদ/এসএস