চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, শহীদ জিয়া ও খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী বিএনপির কোনো নেতাকর্মী চাঁদাবাজি কিংবা দখলদারিত্বের মতো কর্মকাণ্ডে যুক্ত হতে পারেন না। দলকে ঘিরে যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বর্তমান সরকারকে কার্যকরভাবে কাজ করতে বাধা দেওয়ার জন্য নানা ধরনের ষড়যন্ত্র চলছে বলেও মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তাঁর ভাষ্য, জনগণের ভোটে সরকার গঠিত হলেও তাদের স্বাভাবিকভাবে দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হচ্ছে না।
তিনি অভিযোগ করেন, গণতন্ত্র ও উন্নয়নের বিরোধী একটি মহল দেশে অস্থিতিশীলতা তৈরির জন্য আবারও বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে সক্রিয় হয়েছে। এ ধরনের তৎপরতার বিরুদ্ধে দেশের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
দেশের বিদ্যমান শান্তি ও স্থিতিশীলতা অক্ষুণ্ন রাখতে বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান নজরুল ইসলাম খান।
সদ্য সংবাদ/ এআর