জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের পর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তার ছোট ছেলে সাব্বির জামান। তার দাবি, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণেই তার বাবাকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) আখতারুজ্জামানকে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে গ্রেপ্তারের পর ডিবি কার্যালয়ে যান সাব্বির জামান।
সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে তাদের পরিবারকে হয়রানির চেষ্টা করা হচ্ছে। তার ভাষ্য, গত ১৭ বছর ধরে তারা যে ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছেন, আবারও একই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে।
সাব্বির জামান বলেন, তার বাবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্য ও সাম্প্রতিক লাইভ ভিডিওগুলো দেখলেই তিনি কী বলেছেন, তা জানা যাবে। সেখানে কোনো অন্যায় করা হয়েছে কি না, সেটি জনগণের বিচার করার বিষয় বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে গ্রেপ্তারের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় নিজের গ্রেপ্তারের কথা জানান মেজর (অব.) আখতারুজ্জামান। ওই ভিডিওতে তিনি বলেন, ডিবি পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। একই সঙ্গে দেশবাসীর কাছে দোয়া চান তিনি।
ভিডিও বার্তায় আখতারুজ্জামান বলেন, জনগণের অধিকার এবং বিশেষ করে প্রবাসীদের স্বার্থ রক্ষায় তিনি কাজ করে যেতে চান। জনগণের জন্য সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি জীবনের শেষ পর্যন্ত মানুষের পাশে থাকার কথাও জানান তিনি।
এর আগে শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার নিজ বাসভবন থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পরে তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে বিমানবন্দরে এক কর্মকর্তাকে হুমকি দেওয়াসহ কয়েকটি অভিযোগে মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারের পর শনিবার তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় আদালতে নেওয়ার পথে হেলমেট পরানো নিয়ে পুলিশের সঙ্গে তার বাকবিতণ্ডার ঘটনাও ঘটে।
সদ্য সংবাদ/এসকে