কুষ্টিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দলটির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এটি ‘পঞ্চম হামলা’ বলে দাবি করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করেন নাহিদ ইসলাম। সেখানে তিনি অভিযোগ করেন, কুষ্টিয়ায় একটি মাজারের ভেতরে ঢুকে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ এনসিপির নেতা-কর্মীদের ওপর সশস্ত্র হামলা চালানো হয়েছে।
নাহিদ ইসলামের ভাষ্য, বিএনপি সরকার গঠনের পর নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর এ নিয়ে পাঁচবার হামলার ঘটনা ঘটল। একজন নেতাকে কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা এমন আচরণ করতে পারেন, সেই প্রশ্নও তোলেন তিনি।

হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক। তাঁর দাবি, ভয়ভীতি দেখানো কিংবা দমন-পীড়নের মাধ্যমে নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ রোধ করা সম্ভব নয়।
এর আগে কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ নিয়ে খবর প্রকাশিত হয়েছিল। সর্বশেষ ঘটনার জন্য নাহিদ ইসলাম বিএনপির নেতা-কর্মীদের দায়ী করলেও এ অভিযোগের বিষয়ে বিএনপির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সদ্য সংবাদ/ এআর