সাংগঠনিক শৃঙ্খলা লঙ্ঘন এবং সংগঠনের নীতির পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ যুব অধিকার পরিষদের লক্ষ্মীপুর জেলা শাখার নেতা ফারুক হোসেনকে সংগঠনের সব দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশে পাঠানো এক চিঠিতে ফারুক হোসেনের বিরুদ্ধে নেওয়া এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, ফারুক হোসেনের বিরুদ্ধে সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালা লঙ্ঘনের অভিযোগ ওঠে। বিষয়টি পর্যালোচনার পর কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাকে সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। চিঠিতে আরও বলা হয়, সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর। তিনি লিখেছেন, ‘আমার নাম ব্যবহার ধান্দাবাজি করে রেহাই পাওয়ার সুযোগ নেই।’
ফেসবুক পোস্টে নুরুল হক নুর আরও জানান, ফারুক হোসেনকে সংগঠন থেকে বহিষ্কারের পাশাপাশি তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য লক্ষ্মীপুরের পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।
এর মধ্যে ফারুক হোসেনের ভিসা-সংক্রান্ত ব্যবসাকে কেন্দ্র করে একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ওই অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, ‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকা দিতে হবে এক পয়সাও কম হবে না বাবা।’ কথোপকথনের সময় প্রতিমন্ত্রী নুরুল হক নুরের নাম ব্যবহার করা হয়েছে।
সদ্য সংবাদ/ এআর