আগামী ডিসেম্বরেও শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তার দাবি, আওয়ামী লীগের শাসনামলে সংঘটিত হত্যাকাণ্ড ও গণহত্যার জন্য শেখ হাসিনা দায়ী এবং তার দেশে ফেরার কোনো সুযোগ নেই।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের ওয়াজির আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেছেন, তার দেশে ফেরার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছে, তার নির্দেশ দিয়েছেন শেখ হাসিনা। একজন মানুষ এত বোকা হতে পারেন না যে, যার জন্য ফাঁসির দড়ি প্রস্তুত করে রাখা হয়েছে, আর তিনি দেশে ফিরে সেই দড়িতে ঝুলবেন। শেখ হাসিনা এত বোকা না।
আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি বলেন, দলটির বিরুদ্ধে গণহত্যার অভিযোগ রয়েছে এবং এসব কর্মকাণ্ডের নির্দেশনা শেখ হাসিনার কাছ থেকেই এসেছে বলে তিনি মনে করেন।
এ সময় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রসঙ্গও তুলে ধরেন রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেন, আবরার হত্যার আসামিদের পক্ষে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করেছেন শিশির মনির, যাকে তিনি জামায়াতের পরিচিত আইনজীবী হিসেবে উল্লেখ করেন।
রাশেদ খাঁনের প্রশ্ন, আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে শিবির রাজপথে কর্মসূচি পালন করলেও একই মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে শিশির মনিরের ভূমিকার বিষয়ে দলটি কী ব্যবস্থা নিয়েছে।
তিনি আরও বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়ও শিশির মনিরসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের রাজপথে দেখা যায়নি। তার দাবি, আবরার ফাহাদকে যদি জামায়াত-শিবিরের রাজনৈতিক অবস্থানের অংশ হিসেবে বিবেচনা করা হয়, তাহলে শিশির মনিরের ভূমিকার বিষয়টিও দলটির কাছে স্পষ্ট হওয়া প্রয়োজন।
রাশেদ খাঁন জামায়াত-শিবিরের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুলে শিশির মনিরকে দল থেকে বহিষ্কারের দাবি জানান।
অনুষ্ঠানে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাসসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসএস