শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত না করে তাঁর কবর নিয়ে কটাক্ষ করাকে নিন্দনীয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে শহীদ ওসমান হাদি ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি যথাযথ সম্মান বজায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। পোস্টে তিনি বিএনপি ও তাদের শরিকদের একটি অংশের বিরুদ্ধে ওসমান হাদির রাজনৈতিক লড়াই এবং তাঁর কবরকে কেন্দ্র করে রাজনীতি করার অভিযোগ তোলেন।
পাটওয়ারী লেখেন, যে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা যাচ্ছে না, সেই শহীদের কবর নিয়ে কটাক্ষ করার আগে সংশ্লিষ্টদের নিজেদের রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব নিয়ে ভাবা উচিত। তাঁর মতে, এ ধরনের কর্মকাণ্ড অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।
ওসমান হাদির রাজনৈতিক অবস্থানের গুরুত্ব তুলে ধরে এনসিপির এই নেতা বলেন, কিছু বিষয় আপসের ঊর্ধ্বে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হাদির আজাদীর লড়াই ছিল তাঁর রাজনৈতিক অঙ্গীকারের অন্যতম প্রধান দিক। পাটওয়ারীর বিবেচনায়, এ প্রশ্নে হাদির সংগ্রামের দৃঢ়তা ও তীব্রতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লড়াইয়ের চেয়েও বেশি শক্তিশালী ছিল।
তবে একজন শহীদের সংগ্রামকে সম্মান জানাতে গিয়ে অন্য শহীদের স্মৃতিকে অসম্মান করার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি। পাটওয়ারী বলেন, শহীদ জিয়াউর রহমানের মাজার যথাস্থানে থাকা উচিত। একইভাবে শহীদ ওসমান হাদির কবরও যথাযথ মর্যাদা ও সম্মানের সঙ্গে সংরক্ষণ করতে হবে। কোনো ব্যক্তির কবরকে রাজনৈতিক প্রতিহিংসা কিংবা বিতর্কের হাতিয়ার বানানো উচিত নয়।

অতীতের রাজনৈতিক পরিস্থিতির কথা উল্লেখ করে পাটওয়ারী বলেন, হাসিনা সরকারের আমলে কবর, স্মৃতিচিহ্ন ও রাজনৈতিক প্রতিপক্ষের প্রতীক ভাঙচুরের রাজনীতি দেখা গেছে। সেই ঘটনার পুনরাবৃত্তি তাঁরা চান না। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে নিজেরাই যেন আরেকটি অন্যায়ের পথ তৈরি না করেন, সে বিষয়েও সতর্ক করেন তিনি।
ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে এনসিপির এই মুখ্য সমন্বয়ক বলেন, হাদির রাজনৈতিক আদর্শ, আজাদীর সংগ্রাম ও আত্মত্যাগ নিয়ে যুক্তিতর্ক হতে পারে। তবে তাঁর কবর নিয়ে কটাক্ষ বা অসম্মান কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করেন তিনি।
পোস্টের শেষাংশে পাটওয়ারী কবরকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্কের পরিবর্তে শহীদের হত্যার বিচার নিশ্চিত করা, ইতিহাসের মর্যাদা রক্ষা এবং আধিপত্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার আহ্বান জানান।
সদ্য সংবাদ/এসকে