নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তুহিন হত্যা মামলায় পুনরায় জামিন পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের দায়রা জজ আদালতে তাঁর জামিন আবেদনের শুনানি শেষে বিচারক আবু শামীম আজাদ এ আদেশ দেন।
আদালতে সশরীরে উপস্থিত হয়ে জামিনের আবেদন করেন আইভী। শুনানি শেষে আদালত তাঁর আবেদন মঞ্জুর করেন বলে জানিয়েছেন তাঁর আইনজীবী আওলাদ হোসেন।
আইনজীবী জানান, এদিন মামলার চূড়ান্ত প্রতিবেদনের শুনানির পাশাপাশি আইভীর পুনর্জামিনের বিষয়টিও আদালতের কার্যতালিকায় ছিল। শুনানি শেষে আদালত জামিনের আবেদন গ্রহণ করেন।
মামলার এজাহারে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানকে প্রধান আসামি করা হয়েছে। এ ছাড়া সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, গোলাম দস্তগীর গাজী, কায়সার হাসনাত এবং শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান ও ভাতিজা আজমেরী ওসমানসহ ৯৯ জনের নাম উল্লেখ রয়েছে। মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৩০০ জনকে আসামি করা হয়েছে।
আদালতের কার্যক্রম শেষে বের হওয়ার সময় আইভীকে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শোনা যায়। গাড়িতে ওঠার সময় ‘জয় বাংলাকে দমিয়ে রাখা যাবে না’ বলেও স্লোগান দেন তিনি।
তুহিন হত্যা মামলায় আইভীর পুনর্জামিনের আদেশের মধ্য দিয়ে মঙ্গলবার আদালতে তাঁর জামিনসংক্রান্ত আবেদনের শুনানি শেষ হয়।
সদ্য সংবাদ/এসএস