দেশের রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতি নিয়ে বিএনপির সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তাঁর দাবি, ছাত্রদের আত্মত্যাগের ফলেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পথ তৈরি হয়েছে। একই সঙ্গে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে গোপন সমঝোতার অভিযোগ তুলে তিনি বলেন, দেশে এখন স্বৈরাচারী প্রবণতা ও চাঁদাবাজির রাজনীতি একাকার হয়ে গেছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে জেলা এনসিপি আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম। সকাল ১১টায় শুরু হওয়া এ সভায় আইনশৃঙ্খলার অবনতি, জ্বালানি তেলের দাম, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, সার ডিলার নিয়োগে দলীয় প্রভাব এবং চাকরিতে নিয়োগ-বাণিজ্যসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বক্তব্যে রাজনৈতিক দলগুলোর ভেতরে অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এনসিপির আহ্বায়ক। তিনি বলেন, বিএনপির মধ্যে থাকা চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করা প্রয়োজন। অন্যথায় দলের ঘোষিত পরিকল্পনা বাস্তবায়ন বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেন তিনি।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তাঁর ভাষ্য, গ্যাসের দাম ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বাজারে বিভিন্ন সিন্ডিকেটের প্রভাবের কারণে ভোক্তাদের বাড়তি চাপ সামলাতে হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন বলেও মনে করেন তিনি।
দেশে ও বিদেশে রাজনৈতিক শক্তিগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এনসিপি নেতা। তাঁর অভিযোগ, অতীতে অর্থ পাচারের সঙ্গে জড়িতদের পরিবর্তে এখন নতুন একটি গোষ্ঠী একই ধরনের কর্মকাণ্ডে যুক্ত হচ্ছে। এ অবস্থায় রাজনৈতিক দলগুলোর জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।
প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
শরীয়তপুর জেলা এনসিপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ রুহুল আমিনের সভাপতিত্বে সভায় দলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আদীব আরিফ, শ্রমিক শক্তির সদস্যসচিব ঋজু মোর্শেদ এবং কেন্দ্রীয় সদস্য ইমরান হোসেন বক্তব্য দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা এনসিপির সদস্যসচিব সবুজ তালুকদার।
এ ছাড়া জেলা যুবশক্তি, ছাত্রশক্তি, নারীশক্তি ও শ্রমিকশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও সভায় উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসএস