বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত জানাজায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বীর মুক্তিযোদ্ধা, সহকর্মী ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী অংশ নেন।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় জানাজা অনুষ্ঠিত হয়। এতে মরহুমের রাজনৈতিক জীবন ও অবদান স্মরণ করা হয়। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
পরিবার ও বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, সালাহউদ্দিন আহমেদের জানাজা ও দাফনের কর্মসূচি তিন ধাপে সম্পন্ন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজার পর দুপুর দেড়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন।
এরপর বিকেল ৩টায় রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকার ঐতিহাসিক লাল মসজিদ প্রাঙ্গণে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।
এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাহউদ্দিন আহমেদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। ফুসফুসের সমস্যা ও অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।
দীর্ঘ রাজনৈতিক জীবনে সালাহউদ্দিন আহমেদ বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর মৃত্যুতে দলীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ তৈরি হয়েছে।
সদ্য সংবাদ/এসকে