নিজস্ব কর্মীদের সঙ্গে অসদাচরণ, বেতন ও ইনসেনটিভ আটকে রাখা, অযাচিত চাপ সৃষ্টি এবং জোরপূর্বক পদত্যাগে বাধ্য করার মতো একাধিক অভিযোগ উঠেছে প্রযুক্তিপণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠান Apple Gadgets-এর এক অপারেশন ম্যানেজারের বিরুদ্ধে। মো. রেজাউল ইসলাম মামুন নামের ওই কর্মকর্তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসুবকে এক পোস্টে এসব অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির সাবেক এক কর্মী।
অভিযোগকারী জানান, Apple Gadgets-এ কাজ করার অভিজ্ঞতা ও বিভিন্ন কর্মীর সঙ্গে কথা বলে তিনি কর্মীদের প্রতি ওই কর্মকর্তার আচরণ নিয়ে হতাশ হয়েছেন। তার দাবি, প্রতিষ্ঠানটির রিটেইল পর্যায়ের অনেক কর্মী ওই কর্মকর্তার আচরণ ও ব্যবস্থাপনা পদ্ধতিতে অসন্তুষ্ট হলেও চাকরি হারানোর আশঙ্কায় প্রকাশ্যে কথা বলতে চান না।
অভিযোগে বলা হয়, রেজাউল ইসলাম মামুন তার পছন্দ অনুযায়ী কর্মীদের ওপর বিভিন্ন সিদ্ধান্ত চাপিয়ে দেন। কোনো কর্মী তার মতের সঙ্গে একমত না হলে চাকরি ছেড়ে দেওয়ার কথা বলা, অন্য শপে বদলি করে দেওয়া কিংবা চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দেওয়ার মতো ঘটনা ঘটে বলে অভিযোগকারীর দাবি।
ওই কর্মীর অভিযোগ, প্রতিষ্ঠানটির বিভিন্ন নিয়মও নিয়মিত পরিবর্তন করা হয়। এতে কর্মীদের মধ্যে চাপ ও অনিশ্চয়তা তৈরি হচ্ছে বলে তিনি দাবি করেন।

রেজাউল ইসলাম মামুনের বিরুদ্ধে আরও অভিযোগ রয়েছে—বিনা কারণে বা বিলম্বে বেতন প্রদান, ইনসেনটিভ আটকে রাখা, কর্মীদের ওপর অপ্রয়োজনীয় চাপ ও মানসিক হয়রানি, ইচ্ছার বিরুদ্ধে পদত্যাগে চাপ দেওয়া এবং অফিস বা এইচকিউতে নিয়ে গিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করানোর চেষ্টা। চাকরি ছাড়ার পর কর্মীদের যথাযথ ক্লিয়ারেন্স না দেওয়ার অভিযোগও করেছেন ওই সাবেক কর্মী।
এ ছাড়া বেতন সংক্রান্ত তথ্য কর্মীদের কাছে অসত্য বা বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানের মানবসম্পদ বিভাগ অবগত কি না, তা তিনি নিশ্চিত নন বলে জানান।
অভিযোগকারী বলেন, এসব কর্মকাণ্ডের কারণে রিটেইল পর্যায়ের কর্মীদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে। চাকরি হারানোর আশঙ্কায় অনেকেই বিষয়গুলো নিয়ে কথা বলছেন না বলেও দাবি তার।
তিনি Apple Gadgets কর্তৃপক্ষের কাছে অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তার আশঙ্কা, কর্মীদের অভিযোগগুলো উপেক্ষা করা হলে প্রতিষ্ঠানটি দক্ষ কর্মী হারাতে পারে এবং দীর্ঘমেয়াদে প্রতিষ্ঠানের ভাবমূর্তিতেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সদ্য সংবাদ/ এআর