জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর কুষ্টিয়া সফর ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন। প্রশাসন কিংবা স্থানীয় দলীয় নেতাকর্মীদের আগে থেকে না জানিয়েই ব্যক্তিগত সফরে কুষ্টিয়ায় যান তিনি। সাংবাদিক জুলকারনাইন সায়েরের এক ফেসবুক পোস্টে নাসীরুদ্দীনের এ সফর নিয়ে বিভিন্ন প্রশ্ন তোলা হয়েছে। পোস্টে দাবি করা হয়, কুষ্টিয়া সফরের একপর্যায়ে ভেড়ামারা উপজেলার দশ মাইল এলাকায় অবস্থিত জেনুইন লীফ টোব্যাকো লিমিটেডে যান এনসিপির এই নেতা।
এরপর শিলাইদহ কুঠিবাড়ি পরিদর্শন করে কুমারখালীর ছেঁউড়িয়ায় লালন শাহের আখড়াবাড়িতে গেলে হামলার শিকার হন নাসীরুদ্দীন। তাঁর গাড়ি লক্ষ্য করে ডিম, ইটের টুকরা ও পাথর ছোড়ার অভিযোগ উঠেছে। পরে পুলিশ তাঁকে ঘটনাস্থল থেকে নিরাপদে সরিয়ে নেয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লালন আখড়ার প্রবেশপথে একদল যুবক নাসীরুদ্দীন পাটওয়ারীকে বহনকারী গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। এ সময় গাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে।
কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম জানান, নাসীরুদ্দীন ব্যক্তিগত সফরে কুষ্টিয়ায় এসেছিলেন এবং তাঁর সফরের বিষয়ে পুলিশকে আগে থেকে জানানো হয়নি। ঘটনার পর এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ বা মামলা করতে আসেননি বলে জানিয়েছে কুমারখালী থানা পুলিশ।

তবে হামলার ঘটনার পাশাপাশি নাসীরুদ্দীনের ভেড়ামারা সফর নিয়েই এখন বেশি আলোচনা হচ্ছে। দশ মাইল এলাকায় জেনুইন লীফ টোব্যাকো লিমিটেডে কেন গিয়েছিলেন এনসিপির এই শীর্ষ নেতা, সফরটি কেন গোপন রাখা হয়েছিল এবং স্থানীয় প্রশাসন কিংবা দলীয় নেতাকর্মীদের বিষয়টি জানানো হয়নি কেন এসব প্রশ্নের কোনো প্রকাশ্য ব্যাখ্যা এখনো পাওয়া যায়নি।
জেনুইন লীফ টোব্যাকোতে নাসীরুদ্দীনের সফরের বিষয়টি সামনে আসার পর তামাক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পুরোনো তথ্যও আলোচনায় এসেছে।
জুলকারনাইন সায়েরের পোস্টে জেনুইন লীফ টোব্যাকোর সঙ্গে তামাক ব্যবসার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পুরোনো সংশ্লিষ্টতার বিষয়ও উল্লেখ করা হয়েছে। সেখানে চট্টগ্রামের সাবেক সিটি করপোরেশন কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবদুস সবুর লিটনের নামও এসেছে।
ওই প্রতিবেদনে এনবিআরের সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের তদন্তের বরাত দিয়ে প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে নকল সিগারেট উৎপাদন, কাঁচামাল আমদানির নথিতে অনিয়ম ও কর ফাঁকির অভিযোগের কথা তুলে ধরা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতের চূড়ান্ত সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।
একই অনুসন্ধানে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে আবদুস সবুর লিটনের তামাক ব্যবসায় আর্থিক ও জমি-সংক্রান্ত যোগসূত্রের তথ্যও উঠে আসে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, নওফেল একসময় বিজয় ইন্টারন্যাশনাল টোব্যাকোর অংশীদার ছিলেন। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির সঙ্গে তাঁর আর্থিক লেনদেনের তথ্যও তদন্তে আসে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে নওফেল ও লিটন বিভিন্ন সময়ে এসব অভিযোগ অস্বীকার করেছেন অথবা ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন।
এর সঙ্গে কুষ্টিয়ায় জেনুইন লীফের সংশ্লিষ্টতা নিয়ে পুরোনো একটি ঘটনাও নতুন করে আলোচনায় এসেছে।
গত বছরের ১০ জুন কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সাফিনা টাওয়ার থেকে ভারতে নিহত ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনারের নামে ব্যবহৃত একটি ল্যান্ড ক্রুজার প্রাডো গাড়ি উদ্ধার করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানা পুলিশ গাড়িটি জব্দ করে। এ সময় গাড়ি থেকে বিভিন্ন কাগজপত্র, সংসদ সদস্য ও সিআইপি-সংক্রান্ত স্টিকার উদ্ধার করা হয় বলে তখন জানানো হয়েছিল।
সে সময় আলোচনায় আসে, সাফিনা টাওয়ারের দ্বিতীয় থেকে চতুর্থ তলায় ভাড়া নেওয়া জেনুইন লীফ কোম্পানির কর্মকর্তারা গাড়িটি ব্যবহার করতেন।
তবে জেনুইন লীফ টোব্যাকোর বর্তমান মালিকানা, আবদুস সবুর লিটন ও মহিবুল হাসান চৌধুরী নওফেলের সঙ্গে প্রতিষ্ঠানটির কোনো ব্যবসায়িক সম্পর্ক আছে কি না এবং নাসীরুদ্দীন পাটওয়ারীর সেখানে যাওয়ার প্রকৃত উদ্দেশ্য কী এসব প্রশ্নের স্পষ্ট উত্তর এখনো মেলেনি।
সব মিলিয়ে নাসীরুদ্দীনের প্রশাসনকে না জানিয়ে কুষ্টিয়া সফর, ভেড়ামারার তামাক কারখানায় তাঁর যাওয়া এবং পরবর্তী সময়ে লালন আখড়ায় হামলার ঘটনা ঘিরে কুষ্টিয়ার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা।
সদ্য সংবাদ/এসএস