আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসিকে শেষবার মাঠে দেখার অপেক্ষায় সমর্থকদের আগ্রহ যেন সব সীমা ছাড়িয়ে গেছে। ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রি শুরু হওয়ার পর মুহূর্তেই তৈরি হয় তীব্র চাপ। অনলাইন প্ল্যাটফর্মে ভার্চুয়াল সারিতে অপেক্ষা করতে থাকেন হাজারো ভক্ত। শেষ পর্যন্ত বিক্রি শুরুর মাত্র ৯০ মিনিটের মধ্যেই শেষ হয়ে যায় টিকিট।
আর্জেন্টিনা জাতীয় দলের আসন্ন ফিফা উইন্ডোর শেষ ম্যাচটি হবে বুয়েনস এইরেসের ঐতিহাসিক মনুমেন্তাল স্টেডিয়ামে। মেসির বিদায়ী ম্যাচকে ঘিরে ২৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু করে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলো। টিকিটের দাম নির্ধারণ করা হয়েছিল ৯০ হাজার থেকে ৪ লাখ ৮০ হাজার আর্জেন্টাইন পেসো পর্যন্ত।
বিক্রি শুরুর পরই ওয়েবসাইটে ভিড় বেড়ে যায়। অনেক সমর্থককে দীর্ঘ সময় ভার্চুয়াল কিউতে অপেক্ষা করতে হয়। অপেক্ষার পর কিছু দর্শক উচ্চ সারির আসন কেনার সুযোগ পেলেও অল্প সময়ের মধ্যেই সেগুলোও শেষ হয়ে যায়। আর্জেন্টাইন সংবাদমাধ্যম ওলের তথ্য অনুযায়ী, টিকিট বিক্রি শুরুর প্রায় দেড় ঘণ্টা পরই স্টেডিয়ামের আসনগুলো আর পাওয়া যাচ্ছিল না।
মেসির বিদায়ী ম্যাচটি শুধু একটি প্রীতি ম্যাচ নয়, আর্জেন্টিনা সমর্থকদের কাছে এটি জাতীয় দলের হয়ে তার দীর্ঘ ক্যারিয়ারের শেষ অধ্যায়ের আয়োজন। ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে মাঠে নামবেন তিনি। এর আগে ৩০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে এবং ৩ অক্টোবর বুরকিনা ফাসোর বিপক্ষে দুটি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তবে মেসির বিদায়ী ম্যাচ হিসেবে নির্ধারিত হয়েছে বেনিনের বিপক্ষে লড়াইটিই।
মনুমেন্তালে অনুষ্ঠেয় এই ম্যাচে মেসির সঙ্গে তার জাতীয় দলের দীর্ঘদিনের সতীর্থদেরও দেখা যাবে। কাতার বিশ্বকাপজয়ী দলের একাধিক সদস্যকে ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। ফলে মেসির শেষ ম্যাচের টিকিট নিয়ে এমন তীব্র চাহিদা তৈরি হওয়াকে তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রতি সমর্থকদের আগ্রহেরই প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
সদ্য সংবাদ/এসএস