বাংলাদেশের ফুটবলের উন্নয়ন এবং অবকাঠামো নির্মাণে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) শীর্ষ কর্মকর্তাদের। ঢাকায় যাত্রাবিরতির সময় অনুষ্ঠিত এই বৈঠকে দেশের ফুটবলের উন্নয়ন পরিকল্পনা ও চলমান প্রকল্পগুলোর অগ্রগতি তুলে ধরেন বাফুফে প্রতিনিধিরা।
ভুটান সফরে যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিরতি নেন ফিফা সভাপতি। এ সময় বাফুফে সভাপতি এবং চার সহ-সভাপতি তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রায় এক ঘণ্টার আলোচনায় বাংলাদেশের ফুটবলের বিভিন্ন সম্ভাবনা ও উন্নয়ন উদ্যোগ নিয়ে কথা হয়।
বৈঠকে বিশেষ গুরুত্ব পায় কক্সবাজারে ফিফার অর্থায়নে একটি টেকনিক্যাল সেন্টার নির্মাণের পরিকল্পনা। বাফুফের পক্ষ থেকে প্রকল্পটির বিষয়ে ইনফান্তিনোকে অবহিত করা হয়। পাশাপাশি বাংলাদেশের ফুটবলের সামগ্রিক উন্নয়নে ফিফার সহযোগিতা অব্যাহত রাখার বিষয়েও আলোচনা করেন কর্মকর্তারা।
বাফুফের সহ-সভাপতি ও গভর্নমেন্ট রিলেশনস কমিটির চেয়ারম্যান ওয়াহিদ উদ্দিন চৌধুরি হ্যাপি জানান, বৈঠকে বাংলাদেশের ফুটবলের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। কক্সবাজারের টেকনিক্যাল সেন্টার নির্মাণে প্রয়োজন হলে ফিফার আর্থিক সহায়তা বাড়ানোর বিষয়ে প্রাথমিক আশ্বাসও পাওয়া গেছে বলে জানান তিনি।
ঢাকায় সংক্ষিপ্ত বিরতি শেষে দুপুর ২টা ৫০ মিনিটে ভুটানের রাজধানী থিম্পুর উদ্দেশে রওনা হন ইনফান্তিনো। সেখানে দুই দিনের সফরসূচি রয়েছে তাঁর। আগামী ২০ অক্টোবর ফেরার পথে বাংলাদেশে আবারও যাত্রাবিরতির সম্ভাবনা রয়েছে। তবে ওই সময়ে বাফুফের কর্মকর্তাদের জাপানে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বিশেষ কংগ্রেসে অংশ নেওয়ার কথা রয়েছে।
এর আগে ২০১৭ সালে এক দিনের সফরে বাংলাদেশে এসেছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এবারের সংক্ষিপ্ত সাক্ষাৎ বাংলাদেশের ফুটবলের অবকাঠামোগত উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা নিয়ে নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে।
সদ্য সংবাদ/এসএস