রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ সন্ধ্যায় দিল্লি পৌঁছালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে স্বাগত জানান। করমর্দন, আলিঙ্গন ও শুভেচ্ছা বিনিময়ের পর দুই নেতা একই গাড়িতে বিমানবন্দর ত্যাগ করেন।
রুশ রাষ্ট্রীয় সংবাদমাধ্যম স্পুটনিক জানিয়েছে, মোদি প্রটোকল ভেঙে ব্যক্তিগতভাবে পুতিনকে স্বাগত জানিয়ে রুশ পক্ষকে বিস্মিত করেছেন। রিপোর্টে উল্লেখ করা হয়, মোদির এমন পদক্ষেপ সম্পর্কে রাশিয়াকে আগে জানানো হয়নি। ভারতীয় জনতা পার্টিও এক্স-এ জানায়, নিয়মের বাইরে গিয়ে মোদি নিজেই বিমানবন্দরে পুতিনকে অভ্যর্থনা জানিয়েছেন।
দুই দিনের ভারত সফরে পুতিন দশম ভারত–রাশিয়া বার্ষিক সম্মেলনে অংশ নেবেন। বৃহস্পতিবার রাতেই মোদির সরকারি বাসভবনে দুই নেতার ব্যক্তিগত ডিনার অনুষ্ঠিত হবে। যদিও ডিনার নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, ধারণা করা হচ্ছে এটি ঘনিষ্ঠ আলোচনার পরিবেশ তৈরির উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে।
বিমানবন্দর থেকে মোদি ও পুতিন মোদির ব্যবহৃত একটি টয়োটা ফর্চুনার গাড়িতে রওনা হন। এর আগে গত সেপ্টেম্বরে চীনে অনুষ্ঠিত এসসিও সম্মেলনে পুতিন তার সরকারি গাড়িতে মোদিকে যাত্রাসঙ্গী করেছিলেন। সেই সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে ভারতের তেল আমদানি নিয়ে ভারতের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন।
শুক্রবার (৫ ডিসেম্বর) দুই নেতার মধ্যে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আলোচনার প্রধান বিষয় হবে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ।
ভারত ও রাশিয়ার বর্তমান বাণিজ্য সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ভারত বিশেষ করে সামুদ্রিক পণ্য, আলু, ডালিম, প্রক্রিয়াজাত খাবার, ভোক্তা সামগ্রী ও ওষুধ রপ্তানি বাড়াতে আগ্রহী। অন্যদিকে রুশ সারের ওপর ভারতের নির্ভরতা এখনো বেশি; প্রতিবছর দেশটি রাশিয়া থেকে তিন থেকে পাঁচ মিলিয়ন টন সার আমদানি করে এবং ভবিষ্যতে এই সহযোগিতা আরও গভীর করার পরিকল্পনা রয়েছে।
বিশ্লেষকদের মতে, পুতিনের এ সফর দুই দেশের কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রা দেবে।