জামালপুরের সরিষাবাড়ীতে চলন্ত সিএনজিচালিত অটোরিকশা থেকে ছিটকে পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, মোটরসাইকেলে আসা ছিনতাইকারীরা তাঁর সাইড ব্যাগ ধরে টান দিলে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন।
নিহত গৃহবধূ সরিষাবাড়ী উপজেলার ২ নম্বর পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া কোরানীপাড়া গ্রামের মাজম আলীর মেয়ে এবং সাকের আলীর স্ত্রী।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, ছেলের বাড়ি টাঙ্গাইলের ভূঞাপুরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় রওনা হয়েছিলেন ওই গৃহবধূ। পথে অটোরিকশাটি নলিন বাজার এলাকা অতিক্রম করার সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা তাঁর সঙ্গে থাকা সাইড ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেয় বলে অভিযোগ রয়েছে।
এ সময় ব্যাগের টান সামলাতে না পেরে চলন্ত অটোরিকশা থেকে পাকা সড়কে ছিটকে পড়েন তিনি। এতে মাথায় গুরুতর আঘাত পান ওই গৃহবধূ।
ঘটনার পর স্থানীয়রা তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। তবে জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সড়কপথে ছিনতাই বন্ধ এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রশাসনের কঠোর পদক্ষেপ দাবি করেছেন স্থানীয়রা।
সদ্য সংবাদ/এআর