সৌদি আরবের চারটি গুরুত্বপূর্ণ শহরে সম্ভাব্য বিপদের আশঙ্কায় সাময়িক সতর্কতা জারি করা হলেও অল্প সময়ের মধ্যেই তা তুলে নেওয়া হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, মক্কা, জেদ্দা, তায়েফ ও ইয়ানবু শহরের বাসিন্দাদের জন্য সতর্কবার্তা দিয়েছিল সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। তবে সতর্কতা জারির প্রায় ১০ মিনিট পরই পরিস্থিতি স্বাভাবিক বলে জানিয়ে তা প্রত্যাহার করা হয়।
কী ধরনের হুমকির আশঙ্কায় এই সতর্কতা জারি করা হয়েছিল, সে বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি।
এর আগের দিন শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় একজন নিহত হওয়ার পাশাপাশি আরও আটজন আহত হয়েছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
সৌদি আরবের চার শহরে সতর্কতা জারি ও তা দ্রুত প্রত্যাহারের ঘটনা এমন এক সময়ে ঘটল, যখন দেশটিতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সদ্য সংবাদ/এসএস