বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করতে সাংগঠনিক আলোচনা সভায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা শুরু হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
দলীয় সূত্র জানায়, সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি, তৃণমূলের বিভিন্ন সমস্যা এবং দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে সভায় আলোচনা হওয়ার কথা রয়েছে।
এদিন রাজশাহী বিভাগের পাবনা ও চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করছেন তারেক রহমান। সংশ্লিষ্ট জেলার সাংগঠনিক পরিস্থিতি, দলীয় কার্যক্রম এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও কার্যকর করার বিভিন্ন বিষয় আলোচনায় গুরুত্ব পাবে।
দলের নেতারা মনে করছেন, কেন্দ্রের সঙ্গে তৃণমূলের সমন্বয় বাড়ানো এবং সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করার ক্ষেত্রে এ ধরনের মতবিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যন্ত আরও সুসংহত করার ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবেই এ আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
সদ্য সঙবাদ/এসএস