আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সরকার পতন ঘটিয়ে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তবে জনগণ তাদের এ ধরনের কোনো পরিকল্পনা সফল হতে দেবে না বলেও দাবি করেন তিনি।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁনের দাবি, আগামী সেপ্টেম্বরে চট্টগ্রাম অভিমুখে জামায়াত-এনসিপির ঘোষিত লংমার্চের সঙ্গে ডিসেম্বর মাসে আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার সম্ভাব্য পথ তৈরির বিষয়টি সম্পর্কিত। তিনি বলেন, এ ধরনের রাজনৈতিক তৎপরতার মধ্য দিয়ে আওয়ামী লীগকে ফেরানোর একটি পরিবেশ তৈরি করা হচ্ছে।
জামায়াতের সংসদ সদস্য আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সাম্প্রতিক বক্তব্যেরও সমালোচনা করেন রাশেদ খাঁন। বিএনপি সরকার বিরোধী দলের সঙ্গে আওয়ামী লীগের চেয়েও খারাপ আচরণ করছে- তাহেরের এমন বক্তব্যের প্রতিবাদ জানান তিনি।
সংসদে জামায়াত ও এনসিপির সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা নিয়েও প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। তার দাবি, তারা সরকারি দলের সংসদ সদস্যদের মতো সুযোগ-সুবিধা পাওয়ার দাবি জানাচ্ছেন। তবে বাস্তবে তারা কী ধরনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন, সে প্রশ্নও তোলেন তিনি।
জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ডের প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, দীর্ঘ ১৭ বছর দলটি তাদের কার্যালয়ের তালা খুলতে পারেনি। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তাদের কর্মকাণ্ড ও বক্তব্যের মধ্যে বৈপরীত্য রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
সদ্য সংবাদ/এসকে