কৃষিপণ্যের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধ করে প্রান্তিক কৃষকদের ন্যায্য লাভ নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে সরকার। শনিবার সকালে ঝিনাইদহের শৈলকুপায় পাট ও পেঁয়াজের বাজার পরিদর্শনকালে এ কথা বলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, সারাদেশে কৃষিপণ্যের সঙ্গে জড়িত সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিয়ে কৃষকের স্বার্থ রক্ষায় কার্যকর পদক্ষেপ নেবে সরকার।
আইনমন্ত্রী বলেন, পণ্যের কৃত্রিম সংকটের পেছনে দায়ী মজুতদাররা। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইন অনুসারে মজুতদারদের জন্য শাস্তির বিধান আছে; সেখানে মজুতদারের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সুতরাং যারা মজুতদারী করবেন তারা ভেবেচিন্তে করবেন।
এসময় তিনি বলেন, আমার আত্মতুষ্টির জন্য সরাসরি বাজারে এসেছি কোনো বিক্রেতা বা কোনো কৃষক কোনো অভিযোগ করে কিনা সেটা দেখার জন্য। এখন পর্যন্ত বিক্রেতারা খুশি আছে। তবে কেউ কেউ বলছে যারা ক্রয় করে তারা একটা সিন্ডিকেট করে কিনবেনা বলে সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, আমরা এক থেকে দুই সপ্তাহ দেখবো। তারপর তারা না কিনলে এখানে বিকল্প ব্যবসায়ী তৈরি হবে। এবং যারাই সিন্ডিকেট করে এই কিনবেনা বলে কৃষককে ক্ষতি করার চেষ্টা করবে, তারা আইনগতভাবে দণ্ডের মুখোমুখি হবে। সেটাও আমরা নিশ্চিত করব।
সদ্য সংবাদ/এসআর