রোববার (৮ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন নিয়ে পরিষদের সদস্যদের মধ্যে বড় ধরনের সমঝোতা তৈরি হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার আগে এখনো কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে, যেগুলোর সমাধান করা প্রয়োজন।'
এর আগে শনিবার পরিষদের এক জ্যেষ্ঠ আলেম জানান, 'নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন নিয়ে আলোচনা করতে পরিষদের সদস্যরা দ্রুতই, সম্ভবত এক দিনের মধ্যেই বৈঠকে বসতে পারেন।'
ইরানের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সিদ্ধান্ত গ্রহণের পদ্ধতি নিয়ে সদস্যদের মধ্যে সামান্য মতভেদ রয়েছে। একটি পক্ষ মনে করছে, চূড়ান্ত সিদ্ধান্ত নিতে সদস্যদের সশরীরে উপস্থিত হয়ে বৈঠক করা প্রয়োজন।
এদিকে নূর নিউজে প্রকাশিত এক ভিডিওতে পরিষদের আরেক সদস্য আয়াতুল্লাহ মহসিন হায়দারি আলেকাসির বলেন, 'বর্তমান পরিস্থিতিতে সদস্যদের সশরীরে উপস্থিত হয়ে ভোট দেওয়া কঠিন হয়ে পড়েছে।'
তিনি জানান, প্রয়াত সর্বোচ্চ নেতার দেওয়া একটি পরামর্শ অনুসরণ করে ইতোমধ্যে একজন সম্ভাব্য প্রার্থীকে বাছাই করা হয়েছে। সেই পরামর্শে বলা হয়েছিল, ইরানের শীর্ষ নেতা এমন একজন হওয়া উচিত যাকে শত্রুরা ঘৃণা করবে, প্রশংসা করবে না।
সম্ভাব্য উত্তরসূরি সম্পর্কে ইঙ্গিত দিয়ে আলেকাসির বলেন, এমন একজন ব্যক্তিকেই বেছে নেওয়া হয়েছে, যার নাম “বড় শয়তান”(যুক্তরাষ্ট্র) নিজেই উল্লেখ করেছেন।
উল্লেখ্য, সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ খামেনির ছেলে মোজতাবা খামেনি তার কাছে অগ্রহণযোগ্য একটি বিকল্প।
সূত্র: রয়টার্স