সোমবার (১৮ মে) ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ নামের এই আন্তর্জাতিক ত্রাণ উদ্যোগের আয়োজকরা এক বিবৃতিতে জানান, পূর্ব ভূমধ্যসাগরে আন্তর্জাতিক জলসীমায় অবস্থানকালে ইসরায়েলি যুদ্ধজাহাজ বহরটির ওপর অভিযান চালায়।
এর আগে সোমবার ভোরে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানায়, গাজার ওপর আরোপিত নৌ অবরোধ ভাঙার কোনো প্রচেষ্টা তারা মেনে নেবে না।
আয়োজকদের তথ্য অনুযায়ী, ৩৯টি দেশের ৪২৬ জন অধিকারকর্মীকে নিয়ে মোট ৫৪টি জাহাজ গত বৃহস্পতিবার দক্ষিণ তুরস্কের একটি বন্দর থেকে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। সোমবার গাজা উপকূল থেকে প্রায় ২৫০ নটিক্যাল মাইল দূরে পৌঁছালে ইসরায়েলি বাহিনী বহরটিকে ঘিরে ফেলে এবং কয়েকটি জাহাজে কমান্ডো অভিযান চালায়।
আটক হওয়া জাহাজগুলোর মধ্যে অন্তত ৪৪ জন তুর্কি নাগরিক রয়েছেন বলে জানা গেছে। ইসরায়েল এ অভিযানকে ‘উস্কানিমূলক পদক্ষেপের জবাব’ বলে দাবি করেছে এবং বহরের সদস্যদের ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে।
এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান ইসরায়েলের পদক্ষেপকে ‘জলদস্যুতা’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
ত্রাণ বহরের ‘লার্ক’ নামের একটি জাহাজে থাকা তুর্কি অধিকারকর্মী আহমেদ সোইলেমেজ জানান, ইসরায়েলি বাধা সত্ত্বেও তারা ভয় পাচ্ছেন না। তবে আটক জাহাজ ও সেগুলোর আরোহীদের নিরাপত্তা নিয়ে তারা উদ্বিগ্ন।
এর আগেও গ্লোবাল সুমুদ ফ্লোটিলার একাধিক ত্রাণ মিশন আটকে দেয় ইসরায়েল। গত ১২ এপ্রিল স্পেন থেকে যাত্রা করা একটি বহরকে মাঝসমুদ্রে থামিয়ে শতাধিক কর্মীকে গ্রিসের ক্রিত দ্বীপে পাঠিয়ে দেওয়া হয়। এছাড়া গত বছরের অক্টোবরেও একই ধরনের আরেকটি বহর আটকে দেওয়া হয়েছিল, যেখানে জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গসহ ৪৫০ জনের বেশি অংশগ্রহণকারী ছিলেন।
গাজায় যুদ্ধবিরতির পর মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে আন্তর্জাতিকভাবে আশ্বাস দেওয়া হলেও বিভিন্ন দেশ ও ত্রাণ সংস্থার অভিযোগ, প্রয়োজনের তুলনায় সহায়তা এখনও অনেক কম। বর্তমানে গাজার ২০ লাখের বেশি মানুষের বড় অংশ বাস্তুচ্যুত অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছে।
তবে ইসরায়েল এসব অভিযোগ অস্বীকার করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ২০২৫ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ১৫ লাখ ৮০ হাজার মেট্রিক টনের বেশি মানবিক সহায়তা এবং বিপুল চিকিৎসাসামগ্রী গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।
সূত্র: রয়টার্স