সোমবার (৪ মে) কলকাতার সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে অবস্থিত গণনাকেন্দ্র পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছানোর সময় তার গাড়িবহরকে ঘিরে ধরে বিজেপি সমর্থকরা ‘চোর চোর’ স্লোগান দিতে থাকেন বলে স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে উঠলে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রীর চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলে এবং অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়।
এর আগে কলকাতার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনের আশপাশেও বিজেপি সমর্থকদের ‘জয় শ্রী রাম’ স্লোগান দিতে দেখা গেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এদিকে ভোটের ফলাফলের প্রবণতা বিপরীতমুখী হওয়ায় দিনভর রাজনৈতিক অস্থিরতা লক্ষ্য করা যায়। দুপুরে ফেসবুক লাইভে এসে দলীয় কর্মীদের উদ্দেশে বক্তব্য দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি অভিযোগ করেন, কিছু এলাকায় গণনার কাজ বন্ধ রাখা হয়েছে এবং কয়েকটি ইভিএম ঘিরে অনিয়মের ইঙ্গিত পাওয়া গেছে।
তিনি দলীয় প্রার্থী ও এজেন্টদের উদ্দেশে বলেন, “কাউন্টিং এজেন্টরা যেন কেন্দ্র না ছাড়েন, শেষ পর্যন্ত গণনা পর্যবেক্ষণ করুন।” একই সঙ্গে তিনি কর্মীদের মনোবল ধরে রাখার আহ্বান জানান এবং গণনা প্রক্রিয়া নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন।