শনিবার (১৮ এপ্রিল) প্রণালিটি অতিক্রমের সময় একটি ইরানি গানবোট থেকে ভারতীয় জাহাজ লক্ষ্য করে গুলি ছোড়া হয় বলে জানা গেছে।
এর আগে, একই দিনে ‘ভাগ্য লক্ষ্মী’ নামের একটি জাহাজের নাবিকরা ইরানি নৌবাহিনীর সঙ্গে উত্তেজনাপূর্ণ কথোপকথনের তথ্য প্রকাশ করেন, যা পরিস্থিতির ক্রমবর্ধমান অস্থিরতার ইঙ্গিত দেয়।
এ ঘটনার পর ভারত সরকার গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় বাণিজ্যিক জাহাজের ওপর এ ধরনের হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক মধ্যপ্রাচ্যের উত্তেজনার প্রেক্ষাপটে এ ঘটনা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।
এদিকে, ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করায় হরমুজ প্রণালিতে চলাচল সীমিত করা হয়েছে।
তাদের অভিযোগ, ইরানি নৌযান ও বন্দরগুলোর ওপর থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করা হয়নি। ফলে প্রণালির দিকে অগ্রসর হওয়া যেকোনো জাহাজকে ‘শত্রুপক্ষের সহযোগী’ হিসেবে বিবেচনা করা হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। ওই সময় স্বল্প সময়ের জন্য হরমুজ প্রণালি উন্মুক্ত করা হয়েছিল এবং একাধিক জাহাজ নিরাপদে পারাপার করে। তবে নতুন করে উত্তেজনা সৃষ্টি হওয়ায় বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ আবারও অচল হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় ভারত আন্তর্জাতিক মহলের সঙ্গে যোগাযোগ বজায় রেখে পরবর্তী পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে।