বিশেষজ্ঞদের মতে, এবারের প্রাদুর্ভাবের জন্য দায়ী ইবোলার “বুন্ডিবুগিও” ধরনের ভাইরাস। ইবোলার মোট ছয়টি প্রজাতি শনাক্ত হয়েছে, যার মধ্যে “জাইর” টাইপটি অতীতে সবচেয়ে বেশি সংক্রমণ ঘটিয়েছে।
ইবোলা আক্রান্তদের মধ্যে সাধারণত হঠাৎ উচ্চ জ্বর, তীব্র দুর্বলতা, মাথা ও গলাব্যথা, বমি, ডায়রিয়া এবং শরীরে ফুসকুড়ির মতো উপসর্গ দেখা দেয়। রোগের অগ্রগতির সঙ্গে সঙ্গে লিভার ও কিডনির কার্যকারিতা হ্রাস পায় এবং গুরুতর ক্ষেত্রে অভ্যন্তরীণ ও বাহ্যিক রক্তক্ষরণ দেখা দিতে পারে।
বর্তমানে শুধুমাত্র ইবোলার ‘জাইর’ ধরনের জন্য অনুমোদিত টিকা রয়েছে। এর মধ্যে মার্কের তৈরি “এরভেবো” এবং জনসন অ্যান্ড জনসনের একটি টিকা ব্যবহৃত হচ্ছে। পাশাপাশি কিছু মনোক্লোনাল অ্যান্টিবডি চিকিৎসা মৃত্যুহার কমাতে সহায়তা করছে।