স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সদর দপ্তরে কর্মরত প্রকৌশলী ফাহিম ফয়সালকে বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের নেতা এবং ফেসবুক গ্রুপের অ্যাডমিন হিসেবে উল্লেখ করে তার রাজনৈতিক ও সাংগঠনিক ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে ‘জুলাই রেভুলশনারি অ্যালাইন্স’ নামে একটি ফেসবুক পেজ।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত এক পোস্টে সংগঠনটি দাবি করে, বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ড খতিয়ে দেখা হচ্ছে। পোস্টে পরিষদের সদস্যদের একটি ডাটাবেজ তৈরির কথাও জানানো হয়েছে।

পোস্টে ফাহিম ফয়সাল সম্পর্কে দাবি করা হয়, তিনি বর্তমানে এলজিইডির সদর দপ্তরে কর্মরত। তবে তার পদ, সাংগঠনিক দায়িত্ব এবং সংশ্লিষ্টতার বিষয়ে স্বাধীনভাবে যাচাই করা তথ্য পোস্টটিতে দেওয়া হয়নি।
২০২৪ সালের ২৮ জুলাই বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদের পক্ষ থেকে কোটা সংস্কার আন্দোলন ঘিরে একটি বিবৃতি দেওয়া হয়েছিল। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত ওই বিবৃতিতে আন্দোলনের নামে অরাজকতা, অগ্নিসন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানানো হয়।
‘জুলাই রেভুলশনারি অ্যালাইন্স’-এর পোস্টে ওই সময়ের ভূমিকা নিয়ে সমালোচনা করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের সদস্যদের অতীত রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তবে পোস্টে যাদের বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ করা হয়েছে, তাদের সবার বিষয়ে নির্দিষ্ট প্রমাণ বা স্বতন্ত্র যাচাইযোগ্য নথি প্রকাশ করা হয়নি।
সদ্য সংবাদ/এসএস